সাহায্য চাইলেন রোনালদো

রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। এক ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের ধাক্কাই নাকি সামলাতে পারছে না দলটি। কিন্তু রোনালদো নিজের কী অবস্থা? ইতালিয়ান লিগ যে তাঁর নতুন দল জুভেন্টাস জিততে চলেছে, এ নিয়ে খুব একটা সন্দেহ নেই। কিন্তু ক্লাবের অর্থনৈতিক অবস্থাকে বেসামাল করে লিগ জেতানোর জন্য তো রোনালদোকে আনেনি জুভেন্টাস। তারা তো জিততে চায় চ্যাম্পিয়নস লিগ। সেখানে কী অবস্থা জুভেন্টাসের?
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর পরীক্ষা চলছে জুভেন্টাসের। প্রথম লেগে মাদ্রিদের মাঠে গিয়ে ২-০ ব্যবধানে হেরে এসেছে। দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হলে সুবিধা-অসুবিধা দুটিই পাওয়া যায়। নিজেদের দর্শকের সামনে প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার সুযোগ থাকে অনেক বেশি। আবার প্রতিপক্ষ গোল করে ফেললে অ্যাওয়ে গোলের চাপ ঘাড়ে উঠে আসে। রোনালদো আপাতত প্রথম সুযোগটাই বেশি কাজে লাগাতে চাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য সমর্থকদের সাহায্য চাইছেন রোনালদো।
আগামীকাল মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রোনালদো। টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতার অভিজ্ঞতা থেকেই জুভেন্টাস টিভিতে সমর্থকদের করণীয় বলে দিয়েছেন, ‘সমর্থকদের বলব, ইতিবাচক ভাবুন। বিশ্বাস করুন এটা সম্ভব (পরের পর্বে যাওয়া), এবং আপনাদের সাহায্য আমাদের দরকার। স্টেডিয়ামে দুর্দান্ত আবহ সৃষ্টি করুন এবং আমরা মাঠে আমাদের সেরা চেষ্টা করব।’
চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা এ মৌসুমে ঠিক ফর্মে নেই। সিরি ‘আ’তে গোলের পর গোল করলেও চ্যাম্পিয়নস লিগে গোল পাচ্ছেন না রোনালদো। কিন্তু এমন অফ ফর্মে থাকা রোনালদোই ভয়ংকর। পর্তুগিজ ফরোয়ার্ড নিজেই চ্যাম্পিয়নস লিগের গোলের ক্ষুধা টের পাচ্ছেন, ‘চ্যাম্পিয়নস লিগের রাত, দুর্দান্ত সব রাত, অসাধারণ রাত। দল দারুণ এক ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী, আমিও। মাঠে বিশেষ একটা রাত পেতে পারি আমরা। আমরা দারুণ একটি মৌসুম কাটাচ্ছি এবং এখনো দুটো টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। আমার ভালো খেলার কোনো গোপন রহস্য নেই শুধু ফুটবলের প্রতি নিবেদন আছে। আমি উপভোগ করি এটা, আমি ইতালিতেও এটা উপভোগ করি যেমনটা স্পেন ও ইংল্যান্ডে করতাম। গোল করে আমার দলকে জিতিয়েই আনন্দ পাই আমি। আমি খুশি।’
রোনালদোর সুখ অবশ্য প্রতিপক্ষ কেড়ে নিতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো বেশ কঠিন কাজ। তবে সমর্থকদের সাহায্য পেলে কাজটা করা সম্ভব বলেই ভাবেন রোনালদো, ‘ওরা বেশ শক্ত দল, সবাই জানে সেটা। ওরা রক্ষণে ভালো, ঝুঁকি নেয় না এবং প্রতি আক্রমণ করে খেলে। কিন্তু আমরা প্রস্তুত, জেতার জন্য সবকিছু করব আমরা। ছোট ছোট ব্যাপার পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এ রাউন্ড পার করে কোয়ার্টার ফাইনালে যেতে চাই। প্রথম লেগে আমরা হারব, এটা কেউ ভাবেনি। ফুটবল এমনই। কিন্তু যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের সমর্থকদের সামনে কড়া জবাব দিতে চাই।’