সাড়ে চার বছর পর গোল করে ব্রাজিলকে জেতালেন জোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সিতে সাড়ে চার বছর পর গোল করলেন হোনাস। ছবি- ফাইল ছবি।
ব্রাজিলের জার্সিতে সাড়ে চার বছর পর গোল করলেন হোনাস। ছবি- ফাইল ছবি।

ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল ২০১১ সালের মার্চে। প্রথম গোলটাও পেয়ে গিয়েছিলেন ওই বছরেই। নভেম্বরে তাঁর জোড়া গোলে মিসরের বিপক্ষে একটা প্রীতিম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ ব্যবধানে। কিন্তু সেই জোনাস হঠাৎ করে হারিয়ে গেলেন জাতীয় দল থেকে। অবশেষে এ বছর মার্চে আবার কার্লোস দুঙ্গার দলে ডাক পেলেন বেনফিকার এ স্ট্রাইকার। ফিরেই কোচের আস্থার প্রতিদানও দিলেন। কাল তাঁর গোলে প্রীতিম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারাল ব্রাজিল।

মিসরের বিপক্ষে ওই গোলের পর ব্রাজিলের হয়ে ৩২ বছর বয়সী জোনাসের এটি প্রথম গোল। এর মাঝে কেটে গেছে প্রায় সাড়ে চার বছর। দ্বিতীয় মিনিটে জোনাসের গোলের পর ৭৩ মিনিটে ব্রাজিলের অন্য গোলটি করেছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড গ্যাব্রিয়েল। সান্তোসের এই ফরোয়ার্ডের এ ম্যাচেই অভিষেক হলো। জোড়া গোলের জয়ের কোপা আমেরিকার প্রস্তুতিটাও দারুণভাবে সেরে নিল ব্রাজিল।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা-অভিযান। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু। গোল ডটকম।