সিগারেটের গন্ধে বেজায় আপত্তি জেমির

>বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। সেখানে পৌঁছেই খেলোয়াড়দের শৃঙ্খলার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কোচ জেমি ডে।
১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘নিরপেক্ষ ভেন্যু’ তাজিকিস্তানের দুশানবেতে। সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে গতকাল দুশানবেতে পৌঁছেছে বাংলাদেশ। সেখানে পৌঁছেই খেলোয়াড়দের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে।
টিম মিটিং ডেকে শিষ্যদের জানিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের মিশনে শৃঙ্খলার ব্যাপারে তিনি কতটা কঠোর। সিগারেট বা অ্যালকোহল জাতীয় পানীয়কে নিষিদ্ধ করেছেন খেলোয়াড়দের জন্য। এর যেকোনো ব্যতিক্রম তিনি কঠোর সিদ্ধান্ত নিতে যে পিছপা হবেন না, সেটি সাফ জানিয়ে দিয়েছেন সবাইকে।
সেই টিম মিটিংয়ের একটা ভিডিও হাতে এসেছে সংবাদমাধ্যমের। কিন্তু এটি নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণত টিম মিটিংয়ের দলের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু সে আলোচনার ভিডিও বাইরে আসার কোনো নজির আছে কিনা, সন্দেহ।
সেই সভায় জেমির হুঁশিয়ারি, ‘হোটেলে সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিজেদের কক্ষ রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো রুম থেকে যেন সিগারেটের গন্ধ না আসে। কারও কক্ষে যেন মদের বোতল ( হুইস্কি) না দেখি।’
বাংলাদেশ দলে অতীতে মদ্যপান ও শৃঙ্খলাভঙ্গের কিছু বাজে নজির আছে। ২০১৬ সালে এ কারণে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল ৪ ফুটবলারকে। সে চতুষ্টয়ের দুজন—মামুনুল ইসলাম ও ইয়াসিন খান আছেন এবারের বিশ্বকাপ বাছাইয়ের দলে। জেমি এ ধরনের কোনো ঘটনা এবার ঘটতে দিতে চান না।
সাফল্যের জন্য শৃঙ্খলার যে কোনো বিকল্প নেই—এটাই স্পষ্ট করেছেন বাংলাদেশের ইংলিশ কোচ।