ম্যাচটা হবে ঢাকায়। কিন্তু অস্ট্রেলিয়া দল অনুশীলন করে আসবে সিঙ্গাপুরে। কারণ সেই নিরাপত্তাভীতি!
বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে আজ রাতেই ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ফুটবল দলের। কিন্তু বাংলাদেশ ভ্রমণসূচিতে একটু বদল এনেছে সকারুরা। দ্য গার্ডিয়ান ও সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে সকারুদের কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু জানিয়েছেন, আজই সিডনি ছাড়বে অস্ট্রেলিয়া দল। তবে ঢাকায় না এসে প্রথমে সিঙ্গাপুরে অনুশীলন করবে, সেখান থেকে পরশু সোমবার পৌঁছাবে ঢাকায়। পরদিন ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পরপরই ঢাকা ছাড়বেন টিম কাহিলরা।
ঢাকায় সকারুদের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ) সন্তুষ্ট হলেও এখানে বেশি সময় থাকতে রাজি নয়। তবে বাংলাদেশ সরকার সব রকম নিরাপত্তারই আশ্বাস দিয়েছে, নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব দোকান বন্ধ থাকবে ১৬ ও ১৭ নভেম্বর। এত কিছুর পরও এফএফএর প্রধান নির্বাহী ডেভিড গ্যালপ বলছেন, ‘সবকিছু বিবেচনা করেই আমরা ঢাকায় থাকার সময়টা কমিয়ে এনেছি।’ যাঁদের ঘিরে এত আয়োজন, সেই অস্ট্রেলিয়ার ফুটবলাররা অবশ্য নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নন। দলের অন্যতম দুই খেলোয়াড় ম্যাট ম্যাকাই ও মার্ক মিলিগান বলেছেন, যেকোনো জায়গায় খেলার ব্যাপারে নিজেদের যথেষ্ট নিরাপদ ভাবছেন তাঁরা।
অস্ট্রেলিয়ার শতাধিক সমর্থকেরও ঢাকা আসার কথা। যদিও সমর্থকদের নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি দেশটির সরকার। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এখনো সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে কড়া সতর্ক অবস্থানেই আছে। অস্ট্রেলিয়া দলের আসার সময়সূচি পেছানোর বিষয়টি অবশ্য গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানে না বাফুফে। দ্য গার্ডিয়ান-এ খবরটা দেখে এফএফএর বরাবর তারা চিঠি পাঠিয়েছে। সূচিতে কোনো পরিবর্তন হলে সেটি জানাতেও অনুরোধ করা হয়েছে।