সিটি ছাড়ছেন আগুয়েরো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ফর্ম ভালো যাচ্ছে না—এটা একটা বাস্তবতা। অন্যটা হচ্ছে তাঁর জায়গায় যিনি খেলছেন, সেই গ্যাব্রিয়েল জেসুস আছেন দুর্দান্ত ফর্মে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। সার্জিও আগুয়েরো ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির একাদশে। এ অবস্থা চলতে থাকলে মৌসুম শেষে কি আর সিটিতে থাকবেন আর্জেন্টাইন স্ট্রাইকার? কিংবা সিটি কি আদৌ রাখবে আগুয়েরোকে?
সিটির হয়ে উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারেন কোচ পেপ গার্দিওলাই। তবে তাঁর কথা শুনে মনে হচ্ছে আগুয়েরোকে রাখতে জোরাজুরি করতে চান না তিনি, ‘মৌসুম শেষে কী হবে সেটা আসলে আমি এখন বলতে পারব না। আমি চাই সে থাকুক, কিন্তু আমি জানি না কী হবে। আমি যখন নিজে খেলোয়াড় ছিলাম, তখনো কিন্তু জানতাম না মৌসুম শেষে আমার কী হবে।’
রাখতে হলে নিয়মিত খেলাতে হবে আগুয়েরোকে। আপাতত গার্দিওলার জন্য সেটা কঠিনই মনে হচ্ছে। সিটির হয়ে এ পর্যন্ত চার ম্যাচে মাঠে নেমে ৩টি গোল করেছেন পালমেইরাস থেকে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। সোয়ানসি সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচটা তো জেসুস একাই জিতিয়েছেন। সবচেয়ে বড় কথা, গার্দিওলা যেভাবে খেলাতে চান, সেখানে আগুয়েরোর চেয়ে আপাতত জেসুসকেই বেশি মানানসই মনে হচ্ছে। গার্দিওলা নিজেই বলেছেন, জেসুস, লেরয় সানে আর রাহিম স্টার্লিং—এই তিনজনকে আক্রমণভাগে একসঙ্গে খেলতে দেখে তিনি মুগ্ধ।
ওদিকে শোনা যাচ্ছে, গার্দিওলার একাদশে জায়গা হারানো আগুয়েরোকে নিতে আগ্রহী পিএসজি। গার্দিওলার কথা শুনেও মনে হচ্ছে, সিদ্ধান্তটার ভার তিনি আগুয়েরোর ওপরই ছেড়ে দিয়েছেন, ‘আমি যতবার ওর সঙ্গে কথা বলেছি, সবকিছু পরিষ্কার করেই বলেছি। আমি তাকে বিক্রি করতে চাই না। তবে ছেড়ে যেতে চাইলে ওটা তার ব্যাপার।’
প্রশ্ন হচ্ছে, শুধু বেঞ্চে বসে থাকার জন্য কি আর আগুয়েরো সিটিতে থাকতে রাজি হবেন? এএফপি।