সিটি না লিভারপুল—দৌড়ে কার রাস্তা সহজ?
মুঠোফোনের যুগে তো ক্যালেন্ডারে দাগিয়ে রাখার আর তেমন চল নেই, আপাতত মুঠোফোনের ক্যালেন্ডারেই ‘রিমাইন্ডার’ দিয়ে রাখতে পারেন।
১০ এপ্রিল। ইতিহাদ স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট। ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল। সম্ভাবনা, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগ্য ঠিক করে দেওয়া ম্যাচ হতে পারে সেটিই।
আর্সেনালের মাঠে গতকাল ২-০ গোলে লিভারপুলের জয় সিটি-লিভারপুল ম্যাচটার আবেদন আরও বাড়িয়ে দিয়েছে। লিগে আর ৯ ম্যাচ বাকি, বলা যায় ৯টি ফাইনালই। আর্সেনালকে হারানোর পর যে লিগশীর্ষে থাকা সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান মাত্র ১ পয়েন্টের! অবশ্য সে ৯ ম্যাচে তাকিয়ে সিটিই একটু স্বস্তিতে থাকতে পারে।
মৌসুমের শুরু থেকে তো বটেই, গত মাস পর্যন্তও এপ্রিলে সিটি-লিভারপুল ম্যাচ যে এত বড় প্রভাবক হয়ে দাঁড়াবে, সেটি সম্ভবত কেউ ভাবেননি। বেশি দূর পিছিয়ে যেতে হবে না, গত ১৫ জানুয়ারিই তো চেলসিকে ১-০ গোলে হারানোর পর লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গিয়েছিল সিটি।
অবশ্য তখনো লিভারপুলের হাতে দুটি ম্যাচ বাড়তি ছিল। ৯ ফেব্রুয়ারি ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির জয়ের পরও লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল সিটি। লিভারপুলের হাতে তখনো দুটি ম্যাচ বাড়তি ছিল।
কিন্তু থাকলেই তো হবে না, সেগুলোকে কাজে তো লাগাতে হবে! অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত লিগে ১৫ ম্যাচে হারেনি সিটি, জিতেছে ১৪টিতেই।
অন্যদিকে লিভারপুল বড়দিন আর নববর্ষের সময়টাতে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে। সে সময় তাই ধারণাটা ছিল এই যে প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে প্রাণ ফেরাতে হলে সিটিকে মাঝেমধ্যে লিভারপুলের মতো পয়েন্ট হারাতে হবে, আর লিভারপুলকে ‘সিটি’ হতে হবে!
তা-ই হয়েছে। সিটি খুব যে বেশি হোঁচট খেয়েছে, এমন নয়। জানুয়ারিতে সাউদাম্পটনের মাঠে ড্র করল, ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে হেরে গেল টটেনহামের কাছে, আর ১৪ মার্চ ড্র করে এসেছে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে। অন্যদিকে লিভারপুল নিজেদের হাতে থাকা বাড়তি দুই ম্যাচ তো জিতেছেই, ২ জানুয়ারি চেলসির মাঠে ড্রয়ের পর লিগে ৯ ম্যাচেই জিতল!
সেই আত্মবিশ্বাস থেকেই কিনা, সিটিকে একটা হুংকার দিয়ে রেখেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। কাল ম্যাচের পর বললেন, ‘সিটির বিপক্ষে ম্যাচটার এখনো তিন-চার সপ্তাহ বাকি, ওদের জন্য ম্যাচটা সহজ হতে দেব না।’
লিভারপুলের বাকি ম্যাচ: ওয়াটফোর্ড (১৮তম), ম্যান সিটি (১ম), অ্যাস্টন ভিলা (৯ম), ম্যান ইউনাইটেড (৫ম), এভারটন (১৭তম), নিউক্যাসল (১৪তম), টটেনহাম (৭ম), সাউদাম্পটন (১০ম), উলভস (৮ম)।
তবে লিগের শিরোপাদৌড় নিয়ে স্বপ্নেও বুক বাঁধছেন না ক্লপ, ‘খুব ভালো করেই জানি, আমাদের শিরোপা জেতার একমাত্র পথ হচ্ছে অবিশ্বাস্যভাবে সব ম্যাচ জেতা, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বীরা অবিশ্বাস্যভাবে সব ম্যাচ জিতে চলেছে।’
ক্লপ হয়তো সতর্ক থাকছেন সামনে বাকি থাকা পথে তাকিয়েও। লিগে বাকি ৯ ম্যাচে যে লিভারপুলের চেয়ে সিটির রাস্তাটা সহজ। বাকি ৯ ম্যাচের মধ্যে নিজের মাঠ আর প্রতিপক্ষের মাঠে ম্যাচের সংখ্যায় অবশ্য পার্থক্য নেই। দুই দলই নিজেদের মাঠে খেলবে ৫ ম্যাচ, বাকি ৪ ম্যাচ প্রতিপক্ষের মাটিতে। তবে প্রতিপক্ষের নামের ভারের বিবেচনায় সিটিকেই এগিয়ে রাখতে হয়।
লিভারপুলের বাইরে সিটির জন্য কাগজে-কলমে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট হামই। গতকাল লিভারপুল-আর্সেনাল ম্যাচের পরের পয়েন্ট তালিকার হিসেবে শীর্ষ ১০ দলের মধ্যে শুধু লিভারপুল, উলভস, ওয়েস্ট হাম আর অ্যাস্টন ভিলার সঙ্গেই ম্যাচ বাকি সিটির। প্রথম দশে থাকা দলগুলোর সঙ্গে লিভারপুলের ম্যাচ বাকি ৬টি। সিটির পর নিজেদের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের বিপক্ষে খেলতে হবে লিভারপুলকে, খেলতে হবে টটেনহামের বিপক্ষেও।
সিটির বাকি ম্যাচ: বার্নলি (১৯তম), লিভারপুল (২য়), উলভস (৮ম), ব্রাইটন (১৩তম), ওয়াটফোর্ড (১৮তম), লিডস (১৬তম), নিউক্যাসল (১৪তম), ওয়েস্ট হাম (৬ষ্ঠ) ও অ্যাস্টন ভিলা (৯ম)।
* ব্র্যাকেটে পয়েন্ট তালিকায় অবস্থান, গতকাল লিভারপুল-আর্সেনাল ম্যাচের পর।