সিটি বড় ক্লাব নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চারবারের চ্যাম্পিয়ন। সেই জুভেন্টাসেরই কিনা এবার সিরি ‘আ’তে শুরুটা হলো উদিনেসে ও রোমার কাছে পর পর দুই ম্যাচে হেরে। কিন্তু যদি ভেবে থাকেন, এতে জুভদের আত্মবিশ্বাসে টান পড়েছে, সেটা ভুল। জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফনের কথা শুনে সে রকম কিছু মনেই হচ্ছে না। সিরি ‘আ’তে বাজে শুরু করা জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের গ্রুপে পেয়েছে ম্যানচেস্টার সিটি, সেভিয়া আর ম’গ্লাডবাখের মতো কঠিন প্রতিপক্ষদের। কিন্তু বুফন এ নিয়ে চিন্তিত নন মোটেও। কারণ কী জানেন? ম্যানচেস্টার সিটিকে তিনি বড় ক্লাবই মনে করেন না!
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলছে সিটি। কোনোবারই শেষ ষোলোর বেশি যেতে পারেনি সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা। ইউরোপে নিজেদের ব্যর্থতা ঘোচাতে এবার গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে সিটি। দলে এনেছে রাহিম স্টার্লিং, নিকোলাস ওটামেন্ডি ও কেভিন ডি ব্রুইনের মতো খেলোয়াড়দের। তারপরও বুফনের চোখে সিটি বড় ক্লাব নয়, ‘আপনি বড় খেলোয়াড় কিনতে পারেন, কিন্তু সেটা করলেই আপনি বড় ক্লাব হয়ে যাবেন না। সে জন্য আপনাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে। অনেক টাকা খরচ করে সিটি বড় ক্লাব হতে চাইছে, কিন্তু সেটা হওয়ার একমাত্র উপায় হচ্ছে চ্যাম্পিয়নস লিগে সাফল্য।’
সেই সাফল্য অবশ্য নিজেদের গ্রুপে জুভেন্টাস ছাড়া অন্য কোনো দলেরই নেই। শুধু সিটি নয়, সেভিয়া ও মনশেনগ্লাডবাখও কখনো ছুঁয়ে দেখতে পারেনি চ্যাম্পিয়নস লিগের ট্রফি। ছোট-বড় ক্লাবের এই পার্থক্য বোঝাতে গিয়ে তাই বুফন বললেন, ‘জুভেন্টাস যদি সিরি-বিতেও খেলে, জুভেন্টাসই থাকবে। এমনকি যখন আমরা কোনো ট্রফি জিতব না, তখনো। রিয়াল মাদ্রিদ যেমন সব সময় রিয়াল মাদ্রিদই থাকবে, ম্যানচেস্টার ইউনাইটেডও ম্যানচেস্টার ইউনাইটেডই।’
তবে জুভেন্টাস দুবার চ্যাম্পিয়নস লিগ জিতলেও এই ট্রফিটা বুফন ছুঁয়ে দেখতে পারেননি। অথচ বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপসহ ক্লাব ফুটবলের অন্য প্রায় সব শিরোপা জয়েরই স্বাদ পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগে খুব কাছাকাছি গিয়ে হেরেছেন ২০০২-০৩ ও সর্বশেষ মৌসুমে। ৩৭ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক ট্রফিটা জেতার আশা এখনো ছাড়েননি, ‘জানি না এটা আমার ভাগ্যে আছে কি না। কিন্তু আমি এটা চাই। গত মৌসুমে আমরা ফাইনাল খেলেছি, খুব ভালো সুযোগ ছিল। তবে আমি বলব না যে, ওটাই আমার শেষ সুযোগ ছিল।’ মার্কা।