সিটিই খেলছে চ্যাম্পিয়নস লিগে
ম্যাচ শুরুর আগে ঘোষণা এল, স্টেডিয়ামের উত্তর-পূর্ব গ্যালারিতে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া গেছে। পরে ম্যানচেস্টারের পুলিশ জানায়, আসলে ওটা ছিল স্টেডিয়ামের গ্যাস পাইপের ভেতরে তারযুক্ত একটি মোবাইল ফোন বোমা। নিরাপত্তা নিয়ে শঙ্কায় তাই গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথের ম্যাচটি স্থগিত হয়ে যায়।
ওল্ড ট্রাফোর্ডে পুলিশ পরে স্টেডিয়ামে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ম্যাচ না খেলেই উড়ে গেছে ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। অন্য ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
আগামী মৌসুমে সিটির দায়িত্ব নিতে যাওয়া পেপ গার্দিওলাকে স্বস্তি এনে দিয়েছে এই ড্র। কেলেশি ইহিয়ানোচোর গোলে এগিয়ে গিয়েছিল সিটি, সোয়ানসির আন্দ্রে আইয়ুর গোলে সমতা। তাতেও ক্ষতিবৃদ্ধি হয়নি সিটির, ‘প্রায়’ নিশ্চিত হয়ে গেছে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা। প্রায়, কারণ বোর্নমাউথের সঙ্গে ১৯ গোলের (!) ব্যবধানে জিতলেই কেবল ইউনাইটেড টপকে যাবে সিটিকে।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় টটেনহামকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে আর্সেনাল। টটেনহাম কাল ৫-১ গোলে হেরেছে নিউক্যাসলের কাছে, আর অলিভিয়ের জিরুর হ্যাটট্রিকে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ইএসপিএন।