সিটিকে ইতিহাসের হাতছানি
প্রিমিয়ার লিগ জেতার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। এফএ কাপ শেষ হয়ে গেছে চেলসির কাছে পঞ্চম রাউন্ডে হেরে। লিগ কাপের শিরোপাটাই কি এই মৌসুমে ম্যানচেস্টার সিটির একমাত্র প্রাপ্তি হয়ে থাকবে, নাকি চ্যাম্পিয়নস লিগেও বিশেষ কিছু করে ইতিহাস গড়বে ম্যানুয়েল পেলেগ্রিনির দল?
অবশ্য একটা ইতিহাস গড়ার খুব কাছাকাছি এমনিতেই আছে সিটি। চ্যাম্পিয়নস লিগে কখনো কোয়ার্টার ফাইনাল খেলা হয়নি তাদের। গত তিন বছরে দুবারই বাদ পড়েছে শেষ ষোলো থেকে। এবার শেষ ষোলোর প্রথম লেগে ডায়নামো কিয়েভকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে সেই পথে অনেক দূর এগিয়ে গেছে সিটি। আজ ইতিহাদে দ্বিতীয় লেগে খুব বড় হারের শিকার না হলে শেষ আটে তারাই খেলবে বলে ধরে নেওয়া যায়। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলাটাও বড় অর্জন হবে বৈকি!
সিটি কোচ হিসেবে পেলেগ্রিনির এটাই শেষ মৌসুম। বিদায়টা রাঙিয়ে দিয়ে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা আছে বলেই হয়তো পেলেগ্রিনি এই ম্যাচ ছাড়িয়ে তাকিয়ে আছেন আরও অনেক দূর। তবে বেশি দূরে তাকাতে গিয়ে যাতে হাতের কাছের ম্যাচটিতে কোনো অঘটন না ঘটে যায়, সেদিকেও সতর্ক সিটি কোচ, ‘আমরা ৩-১ গোলে এগিয়ে আছি মানেই কিন্তু পরের রাউন্ড নিশ্চিত নয়। মনে রাখতে হবে, ডায়নামো কিয়েভের মতো বড় দলের বিপক্ষে খেলব আমরা।’
ইউক্রেনে কিয়েভ আসলেই পরাশক্তি। তবে ইংল্যান্ডের মাটিতে তাদের রেকর্ড মোটেও ভালো নয়। ইংল্যান্ডে এখন পর্যন্ত ওরা ১৩ ম্যাচ খেলে হেরেছে ১১টিতেই, ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে হলে তাই আজ সিটির মাঠে ইতিহাস গড়তে হবে কিয়েভকেও।
চ্যাম্পিয়নস লিগে রাতের অন্য ম্যাচে ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে। পিএসভির মাঠে গোলশূন্য ড্র হয়েছিল দুই দলের প্রথম লেগ। উয়েফাডটকম।