সিটিকে রাখলেন আগুয়েরো

অনেক কিছুরই ব্যাখ্যা হয় না, মেলে না হিসাব। আবার অনেক কিছু বর্ণনা করার জন্য পাওয়া যায় না সঠিক ভাষা। তখন শুধু বলতে হয়, অবিশ্বাস্য! ইতিহাদ স্টেডিয়ামে পরশু রাতে ম্যানচেস্টার সিটি আর বায়ার্ন মিউনিখ ম্যাচটি দেখে তা-ই বলতে হচ্ছে। অবিশ্বাস্য!
না বলে উপায় নেই। শুরুতে ১ গোল খেয়ে আর ১০ জনের দল হয়ে যাওয়ার পরও যে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে, যে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত সিটি পিছিয়ে ২-১ গোলে, যে ম্যাচটি হেরে গেলে কার্যত তাদের চ্যাম্পিয়নস লিগের পথ চলাই শেষ হয়ে যেত গ্রুপপর্ব থেকে, অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে ২ গোল করে সেটি সিটি জিতে নিল ৩-২ ব্যবধানে! তা-ও এমন একটা দলের বিপক্ষে যারা সব ধরনের প্রতিযোগিতায় এর আগের ১৮ ম্যাচে হারেনি! বিস্ময়কর এ জয়ের নায়ক একজন—সার্জিও আগুয়েরো। ইতিহাদে পরশু সিটিজেনদের তিনটি গোলই করেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
এটুকু বললে অবশ্য ঠিক পরশু রাতে আর্জেন্টাইন স্ট্রাইকারের কীর্তিটা বোঝা যাবে না। এ তো শুধুই একটি হ্যাটট্রিক নয়। ২১ মিনিটে প্রথম গোলটা করেছেন পেনাল্টি থেকে। যে পেনাল্টিটা তাঁরই আদায় করা। দল ২-১ গোলে পিছিয়ে যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা। ভীষণ চাপে দল। ওই চাপ নিয়েই ৮৫ ও ৯০ মিনিটে আগুয়েরোর বাকি দুটি গোল। আর তাতে মুখোমুখি লড়াইয়ে হারাতে হয়েছে ম্যানুয়েল নয়্যারকে। সেই নয়্যার, যিনি বিশ্বকাপের সেরা গোলরক্ষক, সম্ভবত এ মুহূর্তে বিশ্বসেরাও।
আগুয়েরো-কীর্তিতে সিটি পেল এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়। এই জয়টাই এখনো টিকিয়ে রাখল তাদের নকআউট পর্বে খেলার স্বপ্নও। হ্যাঁ, ৫ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট এবং গ্রুপের তলানিতে থাকার পরও! এসব সম্ভব হয়েছে যাঁর কারণে ম্যাচের পর সেই আগুয়েরোর প্রশংসায় পঞ্চমুখ সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘আমি তো এ ম্যাচের আগেই অনেকবার বলেছি সার্জিও (আগুয়েরো) বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, অন্যতম সেরা স্ট্রাইকার।’ কোচের মতোই আগুয়েরো-কীর্তন তাঁর অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির মুখে, ‘সাফল্য পেতে হলে দলে একজন বিশেষ খেলোয়াড় লাগে। ও আমাদের সেই বিশেষ খেলোয়াড়। সে যখন ফর্মে থাকে তখন যেকোনো কিছুই সম্ভব করে ফেলে, যেটা অন্য কারও পক্ষে সম্ভব নয়।’
চ্যাম্পিয়নস লিগে এবার ৭ গোল করেছে সিটি, এর ৫টিই আগুয়েরোর। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় যে ৩৮টি গোল করেছে সিটি তার ১৭টিই তাঁর। তাঁকে ছাড়া যে সিটি কখনোই এত দূর আসতে পারত না এটা অধিনায়ক কোম্পানিও অস্বীকার করেন না। আর আগুয়েরো? এত কিছু করে তিনি বলছেন, ‘কাজটা শেষ হয়নি। এ জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের পরের ম্যাচটাও জিততেও হবে।’
এমন স্ট্রাইকারে মুগ্ধ না হয়ে থাকা যায়! এএফপি, রয়টার্স।
এক নজরে ফল
পিএসজি ৩ : ১ আয়াক্স
অ্যাপোয়েল ০ : ৪ বার্সেলোনা
সিএসকেএ ১ : ১ রোমা
ম্যান সিটি ৩ : ২ বায়ার্ন
বরিসভ ০ : ৩ পোর্তো
শাখতার ০ : ১ বিলবাও
শালকে ০ : ৫ চেলসি
লিসবন ৩ : ১ মারিবর
প্রথমে স্বাগতিক দল