সিটিকে 'বাঁচালেন' দুই আর্জেন্টাইন

এমিরেটস স্টেডিয়ামে দুই ইংলিশ জায়ান্টের লড়াইটা হলো বেশ জমজমাট। আর্সেনাল-ম্যানচেস্টার সিটি—কেউ কাউকে ছেড়ে কথা বলল না। কখনো ম্যাচের লাগাম গানারদের হাতে, কখনো বা সিটির হাতে। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটা শেষ অবধি ড্র হলো ২-২ গোলে। তবে একদিক দিয়ে সিটিকে ‘রক্ষা’ করেছেন দুই আর্জেন্টিনা তারকা সার্জিও আগুয়েরো ও মার্টিন ডেমিচেলিস।
ম্যাচের ১২ মিনিটে ড্যানি ওয়েলবেকের দারুণ এক সুযোগ এসেছিল গানারদের জার্সিতে অভিষেক স্মরণ করে রাখার। দুর্ভাগ্য আর্সেনালের। বাম পোস্টে লেগে ফিরে আসে আর্সেনাল ফরোয়ার্ডের শট। ২৮ মিনিটে নাভাসের বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে নেন আগুয়েরো। কিন্তু ম্যাচের স্কোরলাইনে ব্যাপক বদল ৬৩ থেকে ৭৪—এই ১১ মিনিটে। ৬৩ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান জ্যাক উইলশেয়ার আর ৭৪ মিনিটে এগিয়ে নেন চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলায় হলুদ কার্ড দেখেন সানচেজ।
তবে আর্সেন উইঙ্গারকে হাসি মুখে মাঠ ছাড়তে দেননি ডেমিচেলিস। ৮৩ মিনিটে কর্নার থেকে পাওয়া সিটি ডিফেন্ডারের হেডে সমতায় ফেরে সিটি। এতে শেষমেশ ম্যাচ না হারার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলিগ্রিনির দল।