ম্যান সিটি ১: ০ পিএসজি :: দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিতে ম্যান সিটি
সিটির ইতিহাস ইতিহাসের সিটি

ম্যানচেস্টার সিটি খেলোয়াড়-সমর্থকদের এ মুহূর্তের অনুভূতিটাকে শব্দ দিয়ে বর্ণনা করা যায়? উচ্ছ্বাস-উৎসব জাতীয় শব্দ দিয়ে চেষ্টা করা যেতে পারে। তবে তাতেও সম্ভবত সবটুকু বোঝানো হবে না। রবীন্দ্রনাথ এ ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে—‘কী করি আজ বুঝে না পাই!’ ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার সময়টাতে তো কূলপ্লাবী উদ্যাপনেই ভেসে যাওয়ার কথা সিটির।
ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট-জার্মেইকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। প্যারিসে প্রথম লেগে ২-২ গোলে ড্র করেই কাজ অর্ধেক এগিয়ে রেখেছিলেন আগুয়েরো-সিলভারা। পরশু সেটিকে পূর্ণতা দিলেন কেভিন ডি ব্রুইন। ঘরের মাঠে পরশু ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে বেলজিয়ান মিডফিল্ডারের বাঁকানো শটেই সিটির ইতিহাস লেখা হয়ে গেল। অবশ্য প্রথমার্ধে সার্জিও আগুয়েরো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে কাজটা আরও আগেই গুছিয়ে নিতে পারত সিটিজেনরা।
কিন্তু দল ইতিহাস গড়ে ফেলেছে, আনন্দের মুহূর্তে ওসব ছোটখাটো বিষয় মনে রাখলে চলে! পেলেগ্রিনি শুধু দলের ‘বড়’ হয়ে ওঠার অর্জনেই খুশি, ‘এটা ক্লাবের জন্য বিশাল অর্জন। আমরা একটা বড়, এই পর্যায়ে একটি পরিণত দলের মতো খেলেছি। এটা আমাদের প্রাপ্য ছিল।’
দুই লেগের ফল পেলেগ্রিনির কথায় সাক্ষ্য দিচ্ছে, পারফরম্যান্সও। প্যারিস ও ম্যানচেস্টার—দুই মাঠেই সিটি খেলেছে হিসাবি ফুটবল, অন্যদিকে ঠিক চেনা ছন্দে ছিল না পিএসজি। সর্বশেষ তিনবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় এবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে ওঠার সুযোগ ছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সামনেও। তা না হওয়ায় পেছনে নিজেদের ভুলই দেখছেন পিএসজি কোচ লরাঁ ব্লাঁ, ‘গত সপ্তাহে আর এই সপ্তাহে, দুই ম্যাচেই আমরা ব্যর্থ ছিলাম। দুই লেগে আমরা নিখুঁত ছিলাম না, দক্ষও ছিলাম না। বাদ পড়ে এর মূল্য দিতে হলো।’
পিএসজি এ নিয়ে টানা চারবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ল, সিটি তো এবারই প্রথম শেষ আটে ওঠা। প্রথমবারের মতো সেরা চারেও। দলের ক্রমোন্নতিতে বেশ গর্বিত পেলেগ্রিনি, ‘অনেকেই নানা কারণে আমাদের সমালোচনা করে। কিন্তু আমরা প্রতিবছরই উন্নতি করছি। ক্লাবের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা, তবে সেটি জেতার মানেই যে প্রকল্পটা শেষ তা-ও নয়।’
আগামী মৌসুমে পেপ গার্দিওলার আগমনে ওই প্রকল্পে পেলেগ্রিনি-অধ্যায়ের সমাপ্তি হয়ে যাবে। বিদায়ের আগে নতুন কোনো ইতিহাস লিখে যেতে পারবেন চিলিয়ান কোচ? এএফপি, রয়টার্স।