সিটির এবার কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানুয়েল পেলেগ্রিনি
ম্যানুয়েল পেলেগ্রিনি

দল জিতলেও উচ্ছ্বাসে ভেসে যান না। হারলেও ব্যর্থতায় মুষড়ে পড়েন না বা খেলোয়াড়দের দোষারোপ করেন না। কোচ হিসেবে ম্যানুয়েল পেলেগ্রিনির মন্ত্র একটাই—দলের ওপর আস্থা রেখে চলা। ম্যানচেস্টার সিটির চিলিয়ান কোচ নতুন মৌসুমটিও শুরু করছেন নিজের সেই মন্ত্র জপেই।
লিগ এবং লিগ কাপ—গত মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া ‘ডাবল’ জিতেছে সিটি। নতুন মৌসুমটি তাই সিটির জন্য শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জও। পেলেগ্রিনি চ্যালেঞ্জটা নিচ্ছেন। গতকাল লিগ শুরু হলেও চ্যাম্পিয়ন সিটি মাঠে নামছে আজ। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। তার আগে পেলেগ্রিনি বলেছেন, দল হিসেবে সিটি এবার গত মৌসুমের চেয়েও ভালো।
গত মৌসুমের উল্লেখযোগ্য খেলোয়াড়েরা তো আছেনই, নতুন মৌসুমে আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে টেনেছে সিটি। এসেছেন ফরাসি ডিফেন্ডার এলিয়াকিম মঙ্গালা ও বেকারি সানিয়া, আর্জেন্টাইন গোলরক্ষক উইলি ক্যাবালেরো, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দো। নিউইয়র্ক সিটি এফসি থেকে ধারে এনেছে চেলসির সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেও। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার ব্যাপারে ৬০ বছর বয়সী কোচ আত্মবিশ্বাসী, ‘গত মৌসুমে দারুণ একটা দল ছিল আমাদের এবং খুবই সফল একটা বছর কেটেছে। তবে সেটা এখন অতীত এবং ইতিহাস। এখন আমাদের অবশ্যই দলকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আমি মনে করি উইলি, বেকারি, মঙ্গালা, ফার্নান্দো, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডরা যোগ দেওয়ায় দলটি আরও সমৃদ্ধ হয়েছে।’
পেলেগ্রিনির ভবিষ্যদ্বাণী, ‘আমি মনে করি, এবারও শিরোপা লড়াইটা গত মৌসুমের মতোই আকর্ষণীয় হবে। পাঁচ থেকে ছয়টি দল খুবই ভালো। তাদের প্রত্যেকেই শিরোপা জিততে চায়। আমরাও এটা ধরে রাখতে চাইব। দেখা যাক, কোন দলটি ভালো কাজ করে।’ শুরুতেই অ্যাওয়ে ম্যাচ হলেও পেলেগ্রিনি জয় দিয়ে শুরুর আশা করতেই পারেন। লিগে দুই দলের সর্বশেষ ১৬ সাক্ষাতে হারেনি সিটি। জিতেছে সর্বশেষ ১০ ম্যাচেই। চোটের কারণে আগুয়েরোসহ বেশ কয়েকজন আজ খেলতে না পারলেও পেলেগ্রিনি বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড়ের শতভাগ ফিট হতে হয়তো আরও কিছু সময় লাগবে। তবে আমরা মৌসুম শুরু করতে প্রস্তুত।’
আজ মাঠে নামছে গত মৌসুমের রানার্সআপ লিভারপুলও। অ্যানফিল্ডে সাউদাম্পটনের সঙ্গে লিভারপুলের শুরুটা হচ্ছে একটা প্রশ্ন সামনে রেখে—লুইস সুয়ারেজবিহীন দলটি এবার কত দূর যেতে পারবে? সুয়ারেজের কাঁধে চেপেই গত মৌসুমে ২৪ বছর পর শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে রানার্সআপ হয় লিভারপুল। কিন্তু সেই সুয়ারেজ চলে গেছেন বার্সেলোনায়। রজার্স রিকি ল্যাম্বার্টসহ কয়েকজনকে দলে টেনেছেন। কিন্তু তাতে কি আর সুয়ারেজের শূন্যতা পূরণ হবে? সাউদাম্পটনের মুখোমুখি হওয়ার আগে রজার্স বললেন আরও স্ট্রাইকার কেনার পরিকল্পনা আছে তাঁর, ‘যদি আমরা আরও এক বা দুজনকে দলে যোগ করতে পারি, আমাদের জন্য দলবদলের মৌসুমটি হবে দারুণ।’ এএফপি।