সিটির বিপক্ষে আজ মেসি খেলবেন?

সিটির বিপক্ষে খেলবেন মেসি?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুতে চোট আছে লিওনেল মেসির। ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে শেষ দুটি ম্যাচে মাঠে নামেননি। আজ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কি খেলবেন মেসি? ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত নয়। তবে আশার কথা, পিএসজির দলে আছেন তিনি। পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন গতকাল।

হাঁটুর চোট মেসিকে তেমন ভোগায়নি। অনুশীলনেও সেটি বোঝা গেছে। তবে ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি ফিট কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েই রেখেছেন, মেসির ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন, ‘আমরা প্রথম একাদশ চূড়ান্ত করব আগামীকাল (আজ)। তবে আমি মনে করি, মেসি স্কোয়াডে থাকবে।’

কাল অনুশীলন ঠিকঠাকই করেছেন মেসি
ছবি: রয়টার্স

আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর মেসি মাঠেই নেমেছেন তিনটি ম্যাচ। ফ্রেঞ্চ লিগের প্রথম ম্যাচটা বদলি হিসেবে নামলেও চ্যাম্পিয়নস লিগে ব্রুগার বিপক্ষে খেলেছেন শুরু থেকেই। সে ম্যাচেই মাঠে নেইমার-এমবাপ্পের সঙ্গে রসায়নটা খুব একটা জমাতে পারেননি। তবে নিজে খুব খারাপ খেলেননি। গোলও পেয়ে যেতে পারতেন সে ম্যাচে। তাঁর একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরই মধ্যে মেসিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নিন্দুকেরা তো এমন কথাও বলা শুরু করেছেন, মেসি আদৌ পিএসজির হয়ে সফল হবেন কি না।

পিএসজির হয়ে মেসি এখনো ঠিকভাবে জ্বলে উঠতে পারেননি
ছবি: রয়টার্স

এ ধরনের কথাবার্তাতে বিরক্তি বোধ করছেন পচেত্তিনো। মেসি যেহেতু তাঁর দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে এসেছেন, তাই পিএসজিতে তাঁকে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে হবে বলে সবাইকে মনে করিয়ে দিয়েছেন পিএসজি কোচ, ‘সে বার্সেলোনায় ২০ বছর কাটিয়েছে। এটা খুবই স্বাভাবিক যে মেসি বার্সেলোনাকেই তার ঘরবাড়ি মনে করবে। প্যারিসে সবকিছুই তার কাছে নতুন। সে খুব বেশি দিন আগে এখানে পা রাখেনি। তাকে সময় দিতে হবে।’

পচেত্তিনো মেসিকে সময় দিতে চান
ছবি: রয়টার্স

পিএসজির একাদশে আজ ফিরতে পারেন মার্কো ভেরাত্তি। চোট কাটিয়ে ফিরেছেন এই ইতালীয় মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। পচেত্তিনো খুশি ভেরাত্তিকে পেয়ে, ‘আমরা এখনো একাদশ নিয়ে ভাবিনি। ভেরাত্তি চোট কাটিয়ে ফিরেছে। গত কয়েক দিন সে অনুশীলন সেশনে ভালো করেছে। সে স্কোয়াডে থাকবে। একাদশেও থাকতে পারে।’

সিটির বিপক্ষে বেশ খানিকটা হিসাব চুকিয়ে নেওয়া বাকি পিএসজির। সবশেষ তিনটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে সিটি। এর মধ্যে আছে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। হিসাবে চুকানোর এ ম্যাচে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করবে পিএসজি। সেটি কোচ পচেত্তিনো কোনো রাখঢাক না রেখেই জানিয়েছেন, ‘আমি যেটি বলছি, সেটি সত্যি। এটি আমার কোনো মতামত নয়। পিএসজি এখনো পুরোপুরি দল হয়ে ওঠেনি। আমরা উন্নতি করছি। আমার মতে সিটি খেলবে বিশ্বের সেরা কোচের অধীনেই।’