সিটির বিপক্ষে রিয়াল যেখানে এগিয়ে

রিয়ালের ঐতিহ্য, সাফল্যের ইতিহাস রিয়ালকে সিটির চেয়ে এগিয়ে রাখবেছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের ঐতিহ্য আর ইউরোপের ফুটবলে সাফল্যের যে লম্বা ইতিহাস, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রেরণার নাম সেটিই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের মাঠ ইতিহাদে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সবাইকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন এসব।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল—সিটির চেয়ে তাঁর দল কোথায় এগিয়ে? সেই প্রশ্নের উত্তরে রিয়ালের ঐতিহ্য আর ইউরোপিয়ান ফুটবলে দলের সাফল্যের ইতিহাসই তুলে ধরেছেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি
ছবি: রয়টার্স

ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট রেকর্ড ১৩ বার মাথায় পরেছে রিয়াল। তাদের আজকের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যান সিটি এখনো ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট একবারও জিততে পারেনি। সেরা সাফল্য একবার খেলা। যেটা তারা গত মৌসুমেই খেলেছে। পোর্তোতে হওয়া ফাইনালে ইংল্যান্ডের ক্লাব চেলসির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল সিটির।

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে সিটির কোচ গার্দিওলা হয়তো তাঁর খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরানোর জন্যই সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দলকে প্রশংসায় ভাসিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলে গেছেন, রিয়াল ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে লড়াই করা সিটির পক্ষে খুব কঠিন।

ইতিহাদে অনুশীলনে ব্যস্ত রিয়াল মাদ্রিদ
ছবি: রিয়াল মাদ্রিদ

আনচেলত্তি তাঁর সংবাদ সম্মেলনে যেন গার্দিওলার কথারই প্রতিধ্বনি তুলেছেন। আনচেলত্তির কথা, ‘এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের যে ইতিহাস, সেটি অনেক বড় ব্যাপার। এখানে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে।’

ইতিহাস ও ঐতিহ্য খেলোয়াড়দের ক্ষেত্রে কীভাবে কাজ করে, সেই ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি, ‘এই ইতিহাস আমাদের খেলোয়াড়দের জার্সিটার ভার সামলাতে সাহায্য করে। এ বোঝা ইতিবাচক এবং এর একটা ইতিবাচক দায় আছে। স্বাভাবিকভাবেই সেমিফাইনালে ওঠাটা রিয়ালের জন্য কোনো সাফল্য নয়।’

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ছবি: এএফপি

ইতিহাদের ম্যাচে আরেকটি দিক থেকেও রিয়াল কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করেন আনচেলত্তি। এ ম্যাচের আগে লম্বা একটা বিরতিই পেয়েছে রিয়াল। গত বুধবারের পর আর কোনো ম্যাচ খেলেনি তারা। অন্যদিকে ম্যান সিটি গত শনিবার লিগে ম্যাচ খেলেছে।

বাড়তি বিশ্রাম পাওয়া নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় সিটি আর তাদের খেলোয়াড়েরা প্রতি তিন দিনে ম্যাচ খেলে অভ্যস্ত। সত্যি আমি জানি না প্রতি তিন দিনে ম্যাচ খেলাটা ভালো কি না। এটা নিশ্চিত যে চোটের ঝুঁকি থাকে।’