সিটির মাঠে সিটিকে উড়িয়ে দিল লেস্টার

আগামী মৌসুমে কোচ হয়ে আসছেন পেপ গার্দিওলা আসছেন—এই খবরটাই কি তাহলে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের মনযোগ সরিয়ে দিল খেলা থেকে? নইলে প্রিমিয়ার লিগ বলুন কিংবা লিগ কাপ, ভালোই তো খেলছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। সব ধরনের প্রতিযোগিতায় আজকের আগে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ১টি হার! ৭টি জয়ের পাশাপাশি ড্র ৩টি ম্যাচে। সেই দলটাই আজ লেস্টার সিটির কাছে হারল ৩-১ ব্যবধানে!
নাকি সিটি নিজেদের মতোই খেলেছে, বরং লেস্টার অতিরিক্ত ভালো খেলে ফেলেছে? সংখ্যাগরিষ্ঠের মত হতে পারে এমনটাই। ৩ মিনিটেই রবার্ট হুথের গোলে এগিয়ে যাওয়া। সেই গোলের অগ্রগামিতা ধরে রেখেই প্রথমার্ধ শেষ করেছিল লেস্টার। প্রিমিয়ার লিগে সর্বশেষ যে ৮টি ম্যাচে প্রথমার্ধ শেষে লেস্টার এগিয়ে ছিল, সেগুলোর একটিতেও হারেনি ক্লদিও রানিয়েরির দল। এই পরিসংখ্যানই যেন বিরতির পর আরও তাতিয়ে দিল লেস্টার সিটিকে। দ্বিতীয়ার্ধে মাঠের নামার মিনিট তিনেকের মধ্যে দুর্দান্ত প্রতি আক্রমণ থেকে ব্যবধান ২-০ করলেন রিয়াদ মাহরেজ। ইতিহাদে সিটি সমর্থকেরা যেন বিশ্বাস করতে পারছিলেন না কী হচ্ছে এসব!
কিন্তু লেস্টার-জাদুর যে তখনো আরও বাকি। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে ইতিহাদে সিটি সমর্থকদের প্রায় স্তব্ধ করে দেন হুথ। এরপর এই ম্যাচে ফিরে আসা কঠিনই ছিল সিটির জন্য। সেটা তারা পারেনি। ৮৭ মিনিটে সার্জিও আগুয়েরো একটা গোল করে হারের ব্যবধান যা একটু কমিয়েছেন!
এই জয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই রইল লেস্টার। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৪৭। স্টার স্পোর্টস।