সিটির সামনে ইতিহাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়েভ বিমানবন্দরে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি l টুইটার
কিয়েভ বিমানবন্দরে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি l টুইটার

এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না। চ্যাম্পিয়নস লিগে কখনো শেষ আটে ওঠা হয়নি ম্যানচেস্টার সিটির। আজ ডায়নামো কিয়েভের মাঠে প্রথম লেগটা সেই পথে অনেকটাই এগিয়ে দিতে পারে তাদের। দ্বিতীয় রাউন্ডে সিটি তো এর চেয়ে কঠিন প্রতিপক্ষ পেতেই পারত। কিন্তু কিয়েভের বিমানে যতটা নির্ভার হয়ে ওঠার কথা ছিল, সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি কি ততটা দুশ্চিন্তামুক্ত হয়ে উঠতে পেরেছেন? এএফপি, রয়টার্স।
সাম্প্রতিক ফর্ম, বিতর্ক আর ইতিহাস মিলে পেলেগ্রিনির মনে অস্বস্তির একটা কাঁটা খচখচ না করে পারেই না। ফর্মটা একদমই ভালো যাচ্ছে না সিটির, গত তিনটি ম্যাচেই তারা হেরেছে। এর মধ্যে সর্বশেষ পরাজয়টা নিয়েই এখন তোপের মুখে পেলেগ্রিনি। এফএ কাপে চেলসির বিপক্ষে ছয়জন অনূর্ধ্ব-১৯ বছর বয়সী ফুটবলারকে নামিয়ে দিয়েছিলেন। যেটির মূল্য দিতে হয়েছে ৫-১ গোলের লজ্জাজনক পরাজয়ে। অমন একাদশ নির্বাচনের পেছনে পেলেগ্রিনি যুক্তি দেখিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের জন্য নিয়মিতদের বিশ্রাম দেওয়ার দরকার ছিল। আজকের ম্যাচের আগে না চাইলেও বাড়তি একটু চাপ নিতে হচ্ছে তাঁকে। ইতিহাসটাও ঠিক আশা দেখাচ্ছে না। কিয়েভের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে আগে দেখা হয়নি বটে, কিন্তু পাঁচ বছর আগে ইউরোপা লিগে তাদের কাছে হেরে বসেছিল সিটি।
সবকিছুর পরও সিটির জন্য এ এক সুবর্ণ সুযোগ। কত দিন থেকে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে কিছু একটা করার জন্য চেষ্টা করে যাচ্ছে সিটি। গোলরক্ষক জো হার্টের চোখ আজকের ম্যাচ ছাপিয়ে আরও দূরে চলে যাচ্ছে, ‘আমাদের বিশ্বাস করতে হবে, আমরা শেষ পর্যন্ত যেতে পারব। এখানে সেরাদের সেরারাই খেলে। আপনি নিজের সেরাটা না দিলে হারবেন, সহজ হিসাব। নিজেদের খেলা ওই পর্যায়ে নিয়ে যাওয়া আর ঠিক সময়ে ঠিক কাজ করতে পারাটাই আসল কথা।’
ডায়নামো কিয়েভের সমস্যাটা অন্য জায়গায়। দুই মাস ধরে তারা প্রতিযোগিতামূলক ফুটবল খেলেনি, ইউক্রেনিয়ান ফুটবলে এখন চলছে শীতকালীন বিরতি। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ছন্দ খুঁজে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ।
আজকের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জটাও সহজ নয়। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে নিজেদের মাঠে সবগুলো ম্যাচই জিতেছে পিএসভি। দুই দলের লড়াইটা আজ জমজমাটই হওয়ার কথা।
উয়েফার প্রতিযোগিতায় ঘরের মাঠে সর্বশেষ নয় ম্যাচের একটিতেও হারেনি কিয়েভ
গত তিন বছরে দুবারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছিল সিটি
এর আগে একবারই দেখা হয়েছিল অ্যাটলেটিকো-পিএসভির, সেবার জিতেছিল অ্যাটলেটিকো