সিটির 'বায়ার্ন' হওয়ার চ্যালেঞ্জ

পেপ গার্দিওলা আজ খুব করে চাইবেন ম্যানচেস্টার সিটি ‘তাঁর সময়ের বায়ার্ন মিউনিখ’ হোক!
কেন? ২০১৫ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল গার্দিওলার বায়ার্ন। ঘরের মাঠে পরের লেগে ৩-২ গোলে জিতেও সেবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও কিছুটা ‘আত্মসম্মান’ তো ফিরে পেয়েছিল বাভারিয়ানরা। সিটির মাঠে আজ ম্যাচটা অমন বাঁচা-মরার সমীকরণ নয়, শুধুই গ্রুপ পর্বের একটা ম্যাচ। তবু জয়টা আজ ভীষণ করে চাই গার্দিওলার বর্তমান দলের। গ্রুপে আগের ম্যাচেই বার্সেলোনার মাঠে ৪-০ গোলে হেরেছে সিটি। সর্বশেষ দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে কিছুটা বিপাকেও আছে সিটিজেনরা।
এই একটিই কাগজে-কলমে বড় ম্যাচ। এর বাইরে ইউরোপের বড় দলগুলোর সবাই আজ বেরোবে ‘ভ্রমণে’—কার্লো আনচেলত্তির বায়ার্ন মিউনিখ যাবে পিএসভি আইন্দহোফেনের মাঠে, ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি যাবে বাসেলের ঘরে, আর আর্সেনাল যাবে বুলগেরিয়ায় লুদোগোরেৎসের মাঠে।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত আশ্চর্য ভারসাম্য ম্যানচেস্টার সিটির, গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ শেষে জয় ১, ড্র ১, হার ১। গোল করেছে ৭টি, খেয়েছেও তা-ই। আজ কিছু সংখ্যা বদলাবে নিশ্চিত, তবে গার্দিওলা নিশ্চিত চাইবেন, জয় আর গোল করার সংখ্যাটিই বদলাক। সেটি হলে একটা রেকর্ডও হবে, এর আগে দুই দলের পাঁচ দেখায় জয় তো দূরে থাক, কোনো ড্র-ও করতে পারেনি সিটি।
রেকর্ডটা বদলাতে গার্দিওলার ভরসা নিশ্চিতভাবেই সার্জিও আগুয়েরো। বার্সার মাঠে ম্যাচটিতে নেমেছিলেন বদলি হিসেবে, এমনিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের ‘কর্মতৎপরতা’ নিয়ে খুব একটা খুশিও নন গার্দিওলা। কদিন আগেই বলেছিলেন, বক্সের ভেতরে আগুয়েরো ‘মেসির মতো’, কিন্তু এর বাইরেও তাঁকে আরও ভালো হতে হবে। আগুয়েরোর ‘আরও ভালো’ রূপ অবশ্য শনিবার লিগে ওয়েস্ট ব্রমের বিপক্ষেই দেখা গেছে। ৪-০ গোলের জয় দিয়ে সেদিন ছয় ম্যাচের জয়খরা কাটিয়েছে সিটি, তাতে দুই গোল ২৮ বছর বয়সী স্ট্রাইকারের। গার্দিওলা আরও খুশি হবেন, সেদিন ম্যাচে ১০.২ কিলোমিটার দৌড়েছিলেন আগুয়েরো, যেখানে গত মৌসুমে গড়ে ম্যাচপ্রতি দৌড়েছিলেন ৭.৮ কিলোমিটার।
ওয়েস্ট ব্রম ম্যাচের পর ‘খেটে খেলা’ এই আগুয়েরোরও উচ্চকিত প্রশংসা করেছেন গার্দিওলা। আজকের ম্যাচের আগে আর্জেন্টাইন স্ট্রাইকার প্রশংসা পেলেন ‘বন্ধু’ লিওনেল মেসিরও। ন্যু ক্যাম্পের ম্যাচে হ্যাটট্রিক করা বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘কুন (আগুয়েরো) স্ট্রাইকার হিসেবে সেরাদের একজন, অনেকটা লুইসের (সুয়ারেজ) মতো। দুজন আলাদা ধরনের, তবে ওরা যেকোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে।’
একদিকে পিকে-আলবাবিহীন খর্বশক্তির বার্সেলোনা রক্ষণের সামনে আগুয়েরো; ওদিকে মেসি, নেইমার, সুয়ারেজের মুখোমুখি এখনো গার্দিওলার কৌশলের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে যাওয়া সিটির রক্ষণ—ব্যবধানটা গড়ে দিতে পারে এই দুই খণ্ড লড়াই।
পিএসজির ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন একজন স্ট্রাইকার—এডিনসন কাভানি। অবশ্য সেটি উরুগুইয়ান স্ট্রাইকার কোন রূপে দেখা দেন, সেটির ওপর নির্ভর করবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করে ইউরোপের সেরা পাঁচ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি, কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগানোর ব্যর্থতাতেও তাঁর ধারেকাছে কেউ সম্ভবত নেই। বাসেলে আজ নিখুঁত হতে পারলেই আজই পিএসজির শেষ ষোলোতে যাওয়া নিশ্চিত করে দিতে পারেন কাভানি। এএফপি, গোলডটকম।
আজ মুখোমুখি
বেসিকতাস : নাপোলি
বেনফিকা : ডায়নামো কিয়েভ
মনশেনগ্লাডবাখ : সেল্টিক
ম্যান সিটি : বার্সেলোনা
অ্যাটলেটিকো : রোস্তভ
পিএসভি : বায়ার্ন
লুদোগোরেৎস : আর্সেনাল
বাসেল : পিএসজি
স্বাগতিক দল প্রথমে