সিটির 'বড়' হয়ে ওঠার রাত
এ জন্যই এফএ কাপে চেলসি ম্যাচে অখ্যাত তরুণ খেলোয়াড়দের নামিয়ে দিয়েছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি? চ্যাম্পিয়নস লিগ ঘিরেই আসল পরিকল্পনা ছিল ম্যানচেস্টার সিটি কোচের? তাহলে বলতে হবে, পরিকল্পনাটা আপাতত কাজে লেগেছে। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত পরশু ডায়নামো কিয়েভের মাঠে ৩-১ গোলে জিতেছে সিটি।
সার্জিও আগুয়েরো ও ডেভিড সিলভার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল সিটি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে কিয়েভের ভিতালি বুয়ালস্কি ব্যবধান কমিয়েছিলেন, তবে সেটি শুধুই ‘সান্ত্বনা’ হয়ে থাকল ম্যাচের শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ইয়াইয়া তোরের করা দুর্দান্ত গোলটির কারণে।
দিন চারেক আগে চেলসির কাছে ৫-১ গোলের হারের ম্যাচে দলকে রীতিমতো ‘কচিকাঁচার আসর’ বানিয়ে তোলায় অনেক সমালোচনা হয়েছিল পেলেগ্রিনির। এই জয়ে হয়তো সেটিরই একটা জবাব দেওয়া হলো। তবে তার চেয়েও বড় তৃপ্তি দেবে ইতিহাস। পরশুর এই জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল সিটি।
২০০৮ সালে আরব মালিকানায় যাওয়ার পর থেকেই ইউরোপে ভালো কিছু করার আক্ষেপই পোড়াচ্ছিল ম্যানচেস্টারের নীল অংশকে। দুবার তারা বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে, সর্বশেষ দুবার শেষ ষোলোতে। এবার হয়তো গেরোটা ছুটবে। তাতে পেলেগ্রিনিরও হয়তো একটা জবাব দেওয়া হবে। ইউরোপীয় প্রতিযোগিতায় ব্যর্থতার কারণেই তো আগামী মৌসুমে পেপ গার্দিওলার কাছে জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে চিলিয়ান কোচকে।
দিনের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোফেনের মাঠে গোলশূন্য ড্র করেছে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদ। ইএসপিএন।