সিটি-রোমার অগ্নিপরীক্ষা
নকআউট পর্বে উঠতে ম্যানচেস্টার সিটি, রোমা আর সিএসকেএ মস্কোর অগ্নিপরীক্ষা, গ্রুপের শীর্ষস্থানের জন্য বার্সেলোনা-পিএসজির লড়াই, আশা-নিরাশার দোলাচলে স্পোর্টিং লিসবন, শালকে—এমন আরও হিসাব-নিকাশ নিয়ে আজ এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচের রাতে মুখোমুখি হবে আটটি দল। অবশ্য এই জটিলতার মধ্যেও বেশ নিশ্চিন্তে আছে বায়ার্ন মিউনিখ, চেলসি ও পোর্তো। আজ যে দলগুলো গ্রুপের শেষ ম্যাচ খেলবে, তাদের হিসাব-নিকাশ—
গ্রুপ ‘ই’
রোমা: ম্যানচেস্টার সিটি
বায়ার্ন মিউনিখ: সিএসকেএ মস্কো
মিউনিখে সিএসকেএ মস্কোর সঙ্গে ম্যাচটা বায়ার্নের জন্য শুধুই নিয়মরক্ষার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে গেছে পেপ গার্দিওলার দলের। অন্যদিকে রোমের ম্যাচটা রোমার জন্য টিকে থাকার লড়াই, ম্যান সিটির জন্যও। জিতলে বায়ার্নের সঙ্গী হবে রোমা। ড্র করলেও তারা পরের রাউন্ডে খেলবে, যদি সিএসকেএ মস্কো ও বায়ার্নের অন্য ম্যাচটাও ড্র হয়। আবার যদি সিএসকেএ বায়ার্নের কাছে হেরে যায়, তাহলে সিটির সঙ্গে গোলশূন্য ড্র করতে পারলেই নকআউট পর্বে খেলবে রোমা। তবে ম্যাচে গোল হয়ে ড্র হলে নকআউট পর্বে খেলবে সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির দলের তাই শেষ ষোলোতে যাওয়ার দুটি উপায়—নিজেদের ম্যাচটা জেতা এবং আশায় থাকা, যাতে অন্য ম্যাচে সিএসকেএ না জেতে। অথবা রোমার সঙ্গে গোল করে ড্র করা এবং আশায় থাকা, যেন অন্য ম্যাচে সিএসকেএ হারে বায়ার্নের কাছে।
গ্রুপ ‘এফ’
বার্সেলোনা: পিএসজি
আয়াক্স: অ্যাপোয়েল নিকোশিয়া
বেশ সহজ এ গ্রুপের হিসাব-নিকাশ। বার্সেলোনা ও পিএসজি দুই দলই নিশ্চিত করে রেখেছে শেষ ষোলোতে খেলা। চ্যাম্পিয়নস লিগে পথচলা গ্রুপপর্বেই শেষ নিশ্চিত হয়ে গেছে আয়াক্স ও নিকোশিয়ার। তবে ন্যু ক্যাম্পের ম্যাচে আজ ড্র করলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে পিএসজির, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে বার্সেলোনাকে। তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলতে অন্তত ড্র করতে হবে আয়াক্সকে।
গ্রুপ ‘জি’
চেলসি: স্পোর্টিং লিসবন
মারিবর: শালকে
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে রেখেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে স্পোর্টিং লিসবনের সঙ্গে আজকের ম্যাচটা তাই হোসে মরিনহোর দলের জন্য নিয়মরক্ষার। তবে এ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ স্পোর্টিং লিসবনের কাছে। শেষ ষোলোতে খেলতে হলে পর্তুগিজ ক্লাবটির চেলসিকে হারাতে হবে। ড্র করেও লিসবন নকআউট পর্বে যেতে পারে, যদি মারিবরের সঙ্গে অন্য ম্যাচে শালকে না জেতে। চ্যালেঞ্জটা আরও বড় শালকের। শেষ ষোলোতে খেলতে আজ শুধু মারিবরের সঙ্গে জিতলেই হবে না, স্টামফোর্ড ব্রিজে হারতে হবে স্পোর্টিং লিসবনকে।
গ্রুপ ‘এফ’
পোর্তো: শাখতার দোনেৎস্ক
অ্যাথলেটিক বিলবাও: বাতে বরিসভ
চ্যাম্পিয়নস লিগের আটটি গ্রুপের মধ্যে সবচেয়ে সহজ হিসাব-নিকাশ এই গ্রুপের। পোর্তো ও শাখতার দোনেৎস্ক নকআউট পর্বে খেলছে, এটা নিশ্চিত হয়ে গেছে আগেই, নিশ্চিত হয়ে আছে পোর্তোর শীর্ষস্থান আর শাখতারের দ্বিতীয় হওয়াও। বরিসভের সঙ্গে আজ হার এড়াতে পারলে ইউরোপা লিগে খেলতে পারবে বিলবাও।