সিডনির জোড়া গোলে পুলিশের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর সিডনির উল্লাস। ছবি: বাফুফে
গোলের পর সিডনির উল্লাস। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলে অভিষেকে জ্বলে উঠতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচেই আলো কাড়লেন সিডনি রিভেরা। পুয়ের্তো রিকোর জাতীয় দলের এই ফরোয়ার্ডের জোড়া গোলেই আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সাবেক তারকা রিকার্ডো কাকার সঙ্গে এক ক্লাবে নাম লিখিয়েছিলেন। চার বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল অরল্যান্ডো সিটিতে নাম লেখালেও সে দলের হয়ে কখনো মাঠে নামা হয়নি তাঁর।

ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সামনে ৪-০ গোলে উড়ে গিয়েছিল পুলিশ। আজ দ্বিতীয় ম্যাচে অনুশীলনের ঘাটতি নিয়ে মাঠে নামা আরামবাগের বিপক্ষে নিজেদের শক্তি দেখিয়েছে তারা। ৩-১ গোলের স্কোর লাইনই দিচ্ছে সেই সাক্ষী।

আজ দিনটা ছিল দীর্ঘদেহী স্ট্রাইকার রিভেরার। ৩২ মিনিটে মৌসুমের গোলের খাতা খোলেন রিভেরা। কিরগিজস্তানের ডিফেন্ডার আরতুর মুলাতজানভের কর্নারে দূরের পোস্ট থেকে টোকা দিয়ে বল জালে জড়ান। ম্যাচের গতিতে একপর্যায়ে মনে হচ্ছিল এই এক গোলেই ম্যাচের নিষ্পত্তি হবে। কিন্তু শেষ ১০ মিনিটে হয়েছে ৩ গোল। ৮৩ মিনিটে ২-০ করেছেন রিভেরাই। ইশা ফয়সালের ক্রসে কিরগিজ আইদার মামবেতালিয়েভ বুক দিয়ে বল নামিয়ে দেন, ভলিতে জালে জড়াতে কোনো ভুলই করেননি এই স্ট্রাইকার।

৮৯ মিনিটে আইদার মাবেতালিয়েভের আত্মঘাতী গোল ম্যাচে ফেরায় আরামবাগকে। জাকির হোসেন জিকুর শট আইদারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ২-১ ব্যবধান হওয়ার পর ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। কিন্তু ৩-১ করে সে উত্তেজনায় জল ঢেলে দিয়েছেন মোহাম্মদ স্বাধীন। খেলার শেষ মুহূর্তে গোল করে পুলিশের জয় নিশ্চিত করেন মিডফিল্ডার স্বাধীন।

এই গ্রুপ থেকে কোন দল কোয়ার্টার ফাইনাল খেলবে, সেটা অবশ্য এখনই বলার উপায় নেই। সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আবাহনী-আরামবাগের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।