সিনিয়র ডিভিশনে পাতানো ম্যাচ!
দেশের প্রিমিয়ার ফুটবল লিগে পাতানো খেলা গত মৌসুমে চোখে পড়েনি। তবে নিচের দিকের লিগগুলোয় এখনো উড়ছে পাতানো ম্যাচের বিষবাষ্প।
গতকাল শেষ হওয়া সিনিয়র ডিভিশন থেকে অবনমিত বাংলাদেশ বয়েজ বাফুফের কাছে দাবি করেছে, ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহাখালী একাদশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ১-১ গোলের ম্যাচটির ফল ছিল পূর্বনির্ধারিত। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে অবনমনমুক্ত হয় স্বাধীনতা সংঘ। ম্যাচের শেষ দিকে তাদের সমতাসূচক গোলটিকে ন্যক্কারজনক বলেছে বয়েজ ক্লাব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ক্লাবটি। গত ২৭ নভেম্বর ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে স্বাধীনতা সংঘের ম্যাচ নিয়ে সংবাদপত্রে সন্দেহ প্রকাশ করার বিষয়টিও তারা চিঠিতে উল্লেখ করেছে।
সিনিয়র ডিভিশনের শেষ দিকের কিছু ম্যাচ ভিডিও করেছে বাফুফে। মহাখালী-স্বাধীনতা ম্যাচটিও তাতে আছে। কাজেই বাংলাদেশ বয়েজের অভিযোগের সত্যতা ভিডিওই অনেকটা বলে দিতে পারে। তবে পাতানো প্রমাণিত হলেই বা কী এসে যায় সংশ্লিষ্ট ক্লাবের! পেশাদার লিগে পাতানো ম্যাচ প্রমাণিত হলে ওই ম্যাচের ৩ পয়েন্টসহ বাড়তি আরও ৩ পয়েন্ট কাটা হয়। কিন্তু সিনিয়র ডিভিশনের বাইলজে পাতানোর শাস্তি ওই ম্যাচের ৩ পয়েন্ট কর্তন! এ ছাড়া হয়তো কিছু আর্থিক জরিমানা হতে পারে। যেটা আসলে গায়েই লাগে না ক্লাবের।
মহাখালী ও স্বাধীনতা সংঘের ম্যাচটি তো ড্র। এটি পাতানো প্রমাণিত হলে কার কত পয়েন্ট কাটা যাবে সেটা স্পষ্ট নয়। ঢাকা মহানগরী লিগ কমিটির সম্পাদক সালেহ জামান সেলিম বললেন, ‘আমি তো জানি ড্র ম্যাচ পাতানো হলে দুই দলের ১ পয়েন্ট কর্তন হবে।’ হায়, পাতানো খেলার শাস্তি ১ পয়েন্ট কর্তন!
তবে সিনিয়র ডিভিশন লিগ কমিটির সম্পাদক সাব্বির আহমেদের ভাষ্য, ‘ড্র ম্যাচেও ৩ পয়েন্ট কাটা যাবে।’ যেটাই হোক, এমন ‘সহনীয়’ শাস্তি দিয়ে পরোক্ষেÿ পাতানো খেলাকে উৎসাহিতই করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
সিনিয়র ডিভিশনের বাইলজে ম্যাচ পাতানোর শাস্তি কঠোর করতে বাফুফে তাগিদ দিয়েছিল লিগ কমিটিকে। কিন্তু কাজ হয়নি। লিগ কমিটির সম্পাদক সালেহ জামান সেলিম দোষ দিচ্ছেন বাফুফেকেই, ‘৩ পয়েন্ট কর্তন যথেষ্ট নয়। কিন্তু এই বাইলজ তো ফেডারেশনই অনুমোদন করেছে।’
বাফুফে শাস্তি বাড়াল না কেন? এটাই এখন বড় প্রশ্ন।