মৌসুম শেষ হওয়ার আগে পরশুই দেশে ফিরে গেছেন ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিন। কাল ডাগ-আউটে ম্যানেজার আমের খানই কোচের ভূমিকায়। কোচ ছাড়াই জিতল কমলা দলটি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারকে হারাল ২-০ গোলে।
প্রথমার্ধে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ফেনী সকার গোল করতে ব্যর্থ না হলে ফলটা অন্য রকমও হতে পারত। ৪৫ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ফেনীর দলটি। কিন্তু ফরোয়ার্ড আকবর হোসেন রিদনের হেড অল্পের জন্য বার ঘেঁষে বাইরে চলে যায়।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর শেষ পর্যন্ত ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাদার্স। বক্সের বাইরে থেকে সিমনের জোরালো শটে এগিয়ে যায় গোপীবাগের দলটি। ৮৮ মিনিটেও নায়ক এই নাইজেরিয়ান মিডফিল্ডার—বক্সের বাইরে থেকে গড়ানো কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথম পর্বে ফেনী সকারকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাদার্স।
এই জয়ে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স উঠে এসেছে তিনে। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ফেনী সকার রইল সাতেই। ব্রাদার্স ১৪ আগস্ট লিগে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে। ১৭ আগস্ট ফেনী সকার শেষ ম্যাচটি খেলবে বিজেএমসির সঙ্গে।