সিমিওনে জুনিয়রও আসছেন...

বাবার দেখানো পথে হাঁটছেন—কথাটা এখানে বলা যাচ্ছে না। বাবা ডিয়েগো সিমিওনের কাজ ছিল প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া, ফাউলেও সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডারের অনীহা ছিল না। আর ছেলে জিওভান্নি সিমিওনে পুরো উল্টো, স্ট্রাইকার। প্রতিপক্ষের জালে বল পৌঁছে দেওয়াই যাঁর ধ্যানজ্ঞান।
এখন পর্যন্ত কাজটা বেশ ভালোভাবেই করছেন জিওভান্নি। আর্জেন্টিনা ছেড়ে এই মৌসুমে এসেছেন ইতালিতে। পরশু প্রথম মাঠে নামলেন জেনোয়ার জার্সিতে, অভিষেকেই গোল! পেসকারার বিপক্ষে ম্যাচে দলকে এগিয়ে দিলেও ২১ বছর বয়সী সিমিওনে জুনিয়রের জয় দেখা হয়নি। ৪৭ মিনিটে গোলটির পর ৭৬ মিনিটে তাঁকে তুলে নেন কোচ। ৯ মিনিট পরই সমতাসূচক গোলটি করে পেসকারা।
জেনোয়ায় এ মৌসুমে এসেছেন রিভার প্লেট থেকে। সেখানে তিন বছরে ২৭ ম্যাচে মাত্র দুই গোল, তবে আর্জেন্টিনায় জিওভান্নির সবচেয়ে ভালো সময় কেটেছে ব্যানফিল্ডে। গত মৌসুমে ধারে সেখানে গিয়ে ২৯ ম্যাচে করেছিলেন ১২ গোল। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলে তো আরও জ্বলজ্বলে, ১২ ম্যাচে ১০ গোল! ডেইলি মেইল।