সিমিওনে নয়, মার্টিনোই থেকে যাচ্ছেন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমিওনেকেই জাতীয় দলে চাইছিল আর্জেন্টিনার অনেকে। ফাইল ছবি
সিমিওনেকেই জাতীয় দলে চাইছিল আর্জেন্টিনার অনেকে। ফাইল ছবি

অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরোজোর এক কথা থেকেই ডালপালা মেলেছিল গুজবটা। শতবর্ষী কোপার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তিনি বলেছিলেন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাঁকে ফোন করে জানিয়েছিল, ডিয়েগো সিমিওনেকে এবার জাতীয় দলের কোচ করার কথা ভাবছে এএফএ। তখন থেকেই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। নিখাদ কৌতুক। মজা করে বলা!
কিন্তু এই মজাটাই গুরুত্বের সঙ্গে নিয়ে নিয়েছিল আর্জেন্টাইন মিডিয়া। আরেকটি টুর্নামেন্টের ফাইনালে হার ও লিওনেল মেসির অবসর মিলিয়ে আর্জেন্টিনায় কেউ সম্ভবত এখন ফুটবল নিয়ে মজা করার মেজাজে নেই। সেখানে গুঞ্জন শুরু হয়ে গেছে, তাহলে কি আসলেই মার্টিনোকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা?
যে কারণে এএফএকে বেশ গুরুত্ব দিয়ে টুইট করতে হয়েছে, ‘মার্টিনোই থাকছেন জাতীয় দলের কোচের দায়িত্বে।’ অ্যাটলেটিকোও নিশ্চিত করেছে, কোথাও যাচ্ছেন না সিমিওনে। স্পেনের ক্লাবটিকে অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়া এই কোচ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারার পর বলেছিলেন, তিনিও আর অ্যাটলেটিকোতে থাকতে চান না। সিমিওনেকে পেতে চাইবে যে কেউ। আর জাতীয় দলে তো তাঁর মতো কোচই দরকার বলে আর্জেন্টিনা হাহাকার করছে।
কোপায় ব্যর্থ হওয়ার পর মার্টিনো আর্জেন্টিনার কোচ হিসেবে থাকছেন কি না, এ নিয়ে গুঞ্জন কিন্তু উঠেই গিয়েছিল। মার্টিনো বিদায় নিচ্ছেনই না, বরং তাঁর নেতৃত্বে আগস্টে রিও অলিম্পিকে দল পাঠাচ্ছে আর্জেন্টিনা। অবশ্য অলিম্পিকে মার্টিনো ব্যর্থ হলে চাকরি টেকানো কঠিন হয়ে যাবে। সূত্র : মার্কা।