সিম্পলের মধ্যে গর্জিয়াস সালাহ

সালাহর দারুণ এক গোলে কাল ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। মাত্র সাড়ে চার সেকেন্ডের ব্যবধানে সতীর্থদের নিয়ে ছয় টাচের সমন্বয়ে নিখুঁত ফিনিশিং টেনেছেন সালাহ
জেমস মিলনার গোলের গন্ধ পেয়েছিলেন সবার আগে। তাঁর ট্যাকল থেকে পাওয়া বল নাবি কেইটা হয়ে রবার্তো ফিরমিনো। এরপর মোহাম্মদ সালাহ। আহা! চলতি বলে তাঁর রেশমি ছোঁয়ায় ‘গর্জিয়াস’ এক গোল।
মিসরীয় ফরোয়ার্ডের গোলকে পুঁজি করেই কাল ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন ম্যাচে এটি লিভারপুলের টানা তৃতীয় জয় এবং প্রায় দুই বছরের মধ্যে এবারই প্রথম লিগ টেবিলের শীর্ষে অলরেডরা। কিন্তু এসব ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু সালাহর সেই গোল। একেবারে সহজ কথায় যার শিরোনাম হতে পারে ফেসবুকে সম্প্রতি আলোচিত সেই উক্তি, ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস।’
ফুটবলের ভাষায় ব্যাপারটা ঠিক এরকমই। ম্যাচের ২২ মিনিটে ব্রাইটনের ইয়েভেস বিসোউমার কাছ থেকে বল কাড়েন অলরেড মিডফিল্ডার জেমস মিলনার। বল বাড়ান সামনে দাঁড়িয়ে থাকা নাবি কেইটার প্রতি। গায়ানা মিডফিল্ডার এক টাচে পাস বাড়ান রবার্তো ফিরমিনোকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তিন টাচে বলটা সুবিধাজনক অবস্থানে নেওয়ার সময়ই ডান প্রান্ত দিয়ে দৌড় শুরু করেছিলেন সালাহ। ফিরমিনোর পাস জুতসই জায়গায় পেয়ে আর দেরি করেননি মিসরীয় তারকা। বাঁ পায়ের আলতো শটে পাঠিয়ে দেন ব্রাইটনের জালে। গোটা আক্রমণটা হয়েছে ছয় টাচে, মাত্র সাড়ে চার সেকেন্ডে!
এই সাড়ে চার সেকেন্ডের মধ্যে সবচেয়ে সম্মোহনী মুহূর্তটুকু ছিল সালাহর। বলটা পাওয়ার পর তাঁর এক টাচে গোল করা দেখে মনে হবে পৃথিবীতে এর চেয়ে সহজ কাজ আর নেই! কী সাধারণ কিন্তু কী অভিজাত। সালাহর এই রেশমি ছোঁয়ার ফিনিশিংয়ে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও বিবিসির ম্যাচ অফ দ্য ডে সঞ্চালক গ্যারি লিনেকার। তাঁর টুইট, ‘অদম্য সালাহর গর্জিয়াস ফিনিশ।’
লিগে এটি যে সালাহর সেরা ম্যাচ ছিল তা নয়। কিছু পাসে গড়বড় করেছেন, দুটি শট নিয়েছেন ক্রসবারের ওপর দিয়ে। আবার মুহূর্তের ঝলকে ম্যাচের ভাগ্যও নির্ধারণ করেছেন। তিন ম্যাচে এ নিয়ে দুই গোল করলেন সালাহ। লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ অভিষেকের এই পথ পর্যন্ত ঠিক একই অবস্থানে ছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম থেকে ৪৫টি গোলে প্রত্যক্ষ ভূমিকা রাখলেন সালাহ। নিজে করেছেন ৩৪ গোল আর ‘অ্যাসিস্ট’ ১১টি—গত মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত যে কোনো খেলোয়াড়ের চেয়ে ১২ গোল বেশি।
দেখে নিন সালাহর সেই গোল: