সিরি আ'তেও আলিবাবা!

ফুটবলে বোধ হয় নতুন রেনেসাঁ শুরু হতে যাচ্ছে, ‘চৈনিক রেনেসাঁ’!
মৌসুমের শুরুতেই বড় চমক দেখিয়েছে চাইনিজ সুপার লিগ। একের পর এক ফুটবল তারকা গিয়ে নাম লেখালেন সেখানে। নিজেদের গণ্ডিতেই আটকে থাকছেন না তাঁরা। চীনের ক্রমবর্ধমান ‘ফুটবল আগ্রাসনের’ প্রভাব এবার ইতালিয়ান লিগেও! ইউরোপের অন্যতম পরাশক্তি এসি মিলানকে কিনে নিতে যাচ্ছে আন্তর্জাতিক পণ্য কেনাবেচার চীনা ওয়েবসাইট আলিবাবা।
হারানো গৌরব খুঁজে ফিরছে এসি মিলান। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি এখন ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সুযোগই পায় না নিয়মিত। এ মৌসুমেও ইউরোপা লিগে খেলার সুযোগ হবে কি না, এ নিয়েও অনিশ্চয়তা আছে। ক্লাব সভাপতি সিলভিও বার্লুসকোনির বিভিন্ন বিতর্ক ও দুর্নীতিতে জড়ানোর ঘটনা দলটির আর্থিক সামর্থ্যে টান ফেলে দিয়েছে। গত কয়েক মৌসুম ধরেই নিজেদের সেরা খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ক্লাবটি। তারই ফল লিগে ক্রমাবনতি।
গত মৌসুমেও ৯ কোটি ১০ লাখ ইউরো আর্থিক ক্ষতি হয়েছে মিলানের। সব মিলিয়ে দলটির দেনার পরিমাণ এখন ২৫ কোটি ইউরো! দেনার হাত থেকে বাঁচতে মালিকানার কিছু অংশ বিক্রি করতে চাচ্ছেন বার্লুসকোনি। সেই সুযোগটাই নিচ্ছে আলিবাবা। চাইনিজ এই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী অনলাইনে পণ্য কেনাবেচা করার জন্য বিখ্যাত। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফুটবলে আগ্রহী অনেক দিন ধরে। চাইনিজ সুপার লিগে গুয়াংজু এফসির সহস্বত্বাধিকারী জ্যাক মা এবার ইতালিয়ান ফুটবলেও আসতে চাইছেন। এরই মধ্যে তিনি এসি মিলানের ৭০ শতাংশ স্বত্বের জন্য ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছেন। আজ এসি মিলানের সাধারণ সভায় বার্লুসকোনি প্রস্তাবটি গ্রহণ করছেন কি না, তা জানিয়ে দেবেন ‘শেয়ারহোল্ডার’দের কাছে। সূত্র: এএফপি।