সিরিয়া দেখাল তারা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে হতশ্রী বাংলাদেশ যুবদল শেষ দিকেই যা একটু ফিরে পেল নিজেদের, বেশ কয়েকবার আক্রমণও করল। সেই আক্রমণগুলোরই একটিকে মিলিতভাবে রুখে দিল সিরিয়া অনূর্ধ্ব-২৩ দল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l সাজিদ হোসেন
শুরুতে হতশ্রী বাংলাদেশ যুবদল শেষ দিকেই যা একটু ফিরে পেল নিজেদের, বেশ কয়েকবার আক্রমণও করল। সেই আক্রমণগুলোরই একটিকে মিলিতভাবে রুখে দিল সিরিয়া অনূর্ধ্ব-২৩ দল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l সাজিদ হোসেন

তৃতীয়বার বাংলাদেশের জালে বল যাওয়ার পর সবাই বিস্মিত, ‘নাহিদ এটা কী করল!’ ভলিবলে স্লাইডিং করার মতো নিজেদের বক্সে বলটাকে হাত দিয়ে বাতাসে অহেতুক তাড়া করলেন এই ডিফেন্ডার! পেনাল্টি, তা থেকে সহজেই ৩-০।
নাহিদ গোলটা উপহারই দিলেন প্রতিপক্ষকে। না দিলেও ফল বদলাত না। ৪-০ স্কোরলাইন রেখে এই অসম লড়াইয়ে সিরিয়া তাদের শক্তিটা বুঝিয়ে দিয়েছে। শারীরিক সামর্থ্য, গতি, পরিকল্পনা, কৌশলে সিরিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একপেশে ম্যাচটি তাই অবাক করেনি কাউকেই।
বিরতির আগে ৩-০ দেখেও জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ভিআইপি বক্সে বেশ ধীরস্থির। ‘আমরা আমাদের খেলা খেলছি। কিন্তু সিরিয়া অনেক স্ট্রং টিম। ওদের সঙ্গে পেরে ওঠা সম্ভবই নয়’—মামুনুলের এই কথায় একমত দেখা গেল জর্জ কোটান থেকে শুরু করে আরও অনেকেই।
বড় ব্যবধানে হারের পূর্বাভাস মিলছিল শুরু থেকেই। ১৫ মিনিটের মধ্যে সিরিয়া ২ গোল করে শক্তির মহড়া দিয়ে ফেলেছে। যুদ্ধবিধস্ত দেশ, র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে (১৬২) মাত্র ১০ ধাপ এগিয়ে। কিন্তু র্যা ঙ্কিংটাকে তারা অর্থহীন প্রমাণ করে বোঝাল, আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলতে না পারায় তাদের র্যা ঙ্কিং নেমে গেছে।
দলটির প্রায় অর্ধেক খেলোয়াড়ই ইরাক, কুয়েত, ওমানের লিগ খেলে নিজেদের তৈরি করেছে। ঢাকায় আসার আগে গোটা ছয়েক প্রস্তুতি ম্যাচ খেলে দলটি তাতে হারেনি। এসব তথ্যেই হয়তো বা মনের বাঘে খেয়ে ফেলেছে বাংলাদেশের তরুণদের। বিশেষ করে প্রথম ১৫ মিনিটে তিনটি ফ্রি-কিকের দুটিই গোল, একটি লাগল পোস্টে! চিরন্তন সেই সেট পিস দুর্বলতা বুঝি আর গেল না!
প্রায় একই জায়গা থেকে করা ফ্রি-কিকে হলো গোল দুটি, ওমর খাবরিনের প্রথম ফ্রি-কিক জায়গায় দাঁড়িয়ে জালে ঢুকতে দিলেন গোলরক্ষক লিটন। দ্বিতীয় গোল অবশ্য নিখুঁত এক হেডে। বাংলাদেশ দল বুঝতেই পারল না ফ্রি-কিকে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা আমরো জিনিয়াতের মাথায় গিয়ে পড়ছে। ৮১ মিনিটে শেষ গোলটি বদলি ফরোয়ার্ড আসাওয়াসের দারুণ এক প্লেসিংয়ে।
বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বাস্তবতা মেনেই নিলেন, ‘ওরা অনেক অনেক এগিয়ে। এটিই আসলে আমাদের মান। ছেলেরা এত ভয়ে কুঁকড়ে গেল যে, ভুল করল অনেক।’ বাংলাদেশকে বিস্তর কাটাছোঁড়া করেই নেমেছিল সিরিয়া। দুর্বল জায়গা আঘাত করে শুরুতেই গোল আদায়ের কথা বললেন তাদের কোচ।
দিনের প্রথম ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে উজবেকিস্তান। ভারত বেশ কিছু গোলের সুযোগ হেলায় হারিয়ে প্রথম গোল খায় ৮৭ মিনিটে। উজবেকদের সম্ভাব্য গ্রুপ সেরা মনে করা হচ্ছিল, কিন্তু প্রথম ম্যাচের পর সবারই অভিন্ন রায়, সিরিয়াই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে।
বাফুফে ভবনে উজবেকিস্তান-ভারত ম্যাচ টিভিতে দেখতে দেখতে কাজী সালাউদ্দিন বলছিলেন, ‘আমাদের দল নিয়ে খুব ঘাবড়ানোর তো কিছু দেখছি না। উজবেকিস্তান অত আহামরি নয়।’ তবে অন্যরা কী সেটার চেয়ে বড়, বাংলাদেশ দল কোথায় দাঁড়িয়ে? পার্থক্যটা দেখিয়ে দিল সিরিয়া। গ্রুপ রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনাও বোধ হয় বাংলাদেশের আর না করাই ভালো!