সিরিয়াকে সমীহ করছে বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেটে বুঁদ হয়ে থাকা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এবার ঘরের দিকে তাকানোর পালা। সেই সুযোগ করে দিচ্ছে আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল। বাংলাদেশ ছাড়াও যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন দল যাবে চূড়ান্ত পর্বে। ১০ গ্রুপের সেরা ৫ রানার্সআপও পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় স্বপ্ন দেখা বাংলাদেশের জন্য বাড়াবাড়িই। রানার্সআপ হওয়াও কঠিন। তবে ঘরের মাঠে লড়াই তো করতে হবে! সেই মিশনে আজ প্রথম দিনে সন্ধ্যা ৬টায় বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া। বাংলাদেশকে চূড়ান্ত পর্বে জায়গা পেতে হলে এই ম্যাচে পয়েন্ট দরকার। দুই দেশের ফিফা র্যাঙ্কিং (সিরিয়া ১৫২, বাংলাদেশ ১৬২) সেটিকে অসম্ভব মনে করায় না।
কিন্তু কাগজের হিসাবের চেয়ে বাস্তবতা ভিন্ন। সিরিয়া দলটি সম্প্রতি প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০, সিঙ্গাপুরকে ৬-১, ২-১, কুয়েতকে ১-০ গোলে হারিয়েছে। বাংলাদেশ তাদের তাই সমীহ না করে পারে না। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া, কিন্তু এই দলের নয়জন ফুটবলারই খেলেন ইরাক, কুয়েত ও ওমানের লিগে। শক্তিশালী তাদের মাঝমাঠ, কুশলী স্ট্রাইকারও আছে। শারীরিক সক্ষমতায় বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে সিরিয়া।
জয়ের কথা তাই ভুলেও উচ্চারণ করলেন না বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে কথাবার্তায় খুব সতর্কই থাকলেন তিনি, ‘প্রতিপক্ষ সম্পর্কে আমরা জানি। জেনে-বুঝেও হাতে ছুরি নিয়ে ওদের দিকে তেড়ে যাওয়া গাধার মতো কাজ হবে আমাদের জন্য।’
বোঝাই যাচ্ছে বাংলাদেশ দল আক্রমণাত্মক না খেলে সুযোগ বুঝে উঠবে। সম্প্রতি বঙ্গবন্ধু কাপে দলগুলো যেমন কাছাকাছি মানের ছিল, এখানে তা নয়। ডি ক্রুইফ রক্ষণকে জমাট রেখে খেলার অঙ্কই কষছেন। কোচের সেই পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চান নতুন অধিনায়ক রায়হান হাসান।
সংবাদ সম্মেলনে চার দলের কোচ-অধিনায়কই একে অন্যের প্রতি দেখালেন বাড়তি সম্মান। সিরিয়ার কোচ মুহাম্মদ আল ফাকের যেমন বললেন, ‘বাংলাদেশকে সম্মান করি’। উজবেকিস্তান কোচ আসুরমাতভ বিখতিয়র ‘এই টুর্নামেন্ট একটা চ্যালেঞ্জই’ বলার পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ও জানিয়েছেন। ভারতের কোচ স্যাভিওর কণ্ঠে থাকল একটু চ্যালেঞ্জের সুরও, ‘টুর্নামেন্টকে আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি।’
ভারত ম্যাচের টিকিটের চাহিদা আছে। ক্রিকেটে হারের শোধ নিতে ফুটবলে ভারতকে হারাতেই হবে, এমন দাবি প্রতিনিয়ত যাচ্ছে বাংলাদেশ দলের কাছে!
এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল সূচি
তারিখ ম্যাচ সময়
২৭ মার্চ উজবেকিস্তান-ভারত বেলা ৩টা
বাংলাদেশ-সিরিয়া সন্ধ্যা ৬টা
২৯ মার্চ ভারত-সিরিয়া বেলা ৩টা
বাংলাদেশ-উজবেকিস্তান সন্ধ্যা ৬টা
৩১ মার্চ সিরিয়া-উজবেকিস্তান বেলা ৩টা
বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৬টা
* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে