সিলভা আর হিগুয়েইনের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ব্রাজিলে তিতে আর আর্জেন্টিনায় এদগার্দো বাউজা—দুই কোচ নতুন যুগের সূচনা করেছেন দুই দলে। সামনের মাসে বিশ্বকাপ বাছাইয়ের দলে দুই কোচ ডেকেছেন পরীক্ষিতদেরই। সিলভা ও অস্কাররা ফিরেছেন ব্রাজিলে আর হিগুয়েইন-আগুয়েরো আর্জেন্টিনায়
থিয়াগো সিলভা
থিয়াগো সিলভা

একটা সময় দুজনই জাতীয় দলে ছিলেন নিয়মিত। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলেরও প্রথম একাদশে ছিলেন নিয়মিত মুখ। কিন্তু দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর দুজনই জায়গা হারিয়ে ফেলেন। নতুন কোচ তিতে আসার পর আবার ভাগ্য খুলল থিয়াগো সিলভা ও অস্কারের। অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে জায়গা পেয়েছেন দুজনই।
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কই ছিলেন সিলভা। সেই বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর ২০১৫ কোপা আমেরিকায়ও প্যারাগুয়ের কাছে হেরে শেষ আটে বাদ। কোচ কার্লোস দুঙ্গা সিলভাকে এরপর দল থেকেই ছেঁটে ফেলেন। অধিনায়কত্ব অবশ্য হারিয়ে ফেলেছিলেন আগেই। কিন্তু নতুন কোচ তিতে আবারও ডেকে নিলেন এ সময়ের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে।
অস্কারও গত বছর থেকেই অনিয়মিত হয়ে পড়েছিলেন দলে, চোটের জন্য খেলতে পারেননি গত বছরের কোপা আমেরিকায়। এ বছর এখনো ব্রাজিলের জার্সি গায়ে চড়াতে পারেননি। যদিও ক্লাব চেলসিতে নতুন মৌসুমের শুরুটা করেছেন ভালো। সম্ভবত সেটিরই পুরস্কার পেলেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্নের উইঙ্গার ডগলাস কস্তাও।
তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিল যেন ফিরে পেয়েছে নিজেদের। বাছাইপর্বে সেরা পাঁচের বাইরে থাকা ব্রাজিল টানা দুই জয়ে এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা উরুগুয়ের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টের।
৭ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ, তিন দিন পর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এএফপি।

গঞ্জালো হিগুয়েইন
গঞ্জালো হিগুয়েইন

বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না। জুভেন্টাসের হয়ে ফর্মে ফেরার পর আবার জাতীয় দলে ডাক পেলেন গঞ্জালো হিগুয়েইন। আগামী মাসের দুটি বাছাইপর্বের ম্যাচে ডাক পেয়েছেন ম্যান সিটির হয়ে এবার ৫ ম্যাচে ৯ গোল করে ফেলা সার্জিও আগুয়েরোও।
নতুন মৌসুম শুরুর আগে হিগুয়েইনকে নিয়ে কম সমালোচনা হয়নি। জুভেন্টাস প্রায় ৯ কোটি ইউরো দিয়ে তাঁকে কিনে ভুল করেছে, এমন কথাও শুনতে হয়েছে। আর মুটিয়ে যাওয়ার জন্য খোঁচা তো ছিলই। মাঠেই সব সমালোচনার জবাব দিয়েছেন ‘মোটা’ হিগুয়েইন—জুভেন্টাসের জার্সি গায়ে নতুন মৌসুমের প্রথম চার শটেই করেছেন ৩ গোল।
আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজাও বুঝতে পেরেছেন, হিগুয়েইন আবার নিজেকে ফিরে পাচ্ছেন। পেরু ও প্যারাগুয়ের সঙ্গে পরের মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য তাই ডেকেছেন ‘নাম্বার নাইন’কে। বাউজা জানিয়েছেন, ‘আমি হিগুয়েইনের সঙ্গে কথা বলেছি, সবকিছুই ভালোমতো হয়েছে। ও খুবই উৎসাহী, মাঠে ফিরতে ওর যেন তর সইছে না।’
আর্জেন্টিনা কোচ স্থানীয় খেলোয়াড়দের নাম পরে আলাদা করে ঘোষণা করবেন। ৬ অক্টোবর পেরুর সঙ্গে প্রথম ম্যাচ, পাঁচ দিন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। এ মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকার তিনে আছে আর্জেন্টিনা। শীর্ষে থাকা উরুগুয়ের চেয়ে পিছিয়ে তারা মাত্র ১ পয়েন্টে। ব্রাজিলের সঙ্গে সমান পয়েন্ট হলেও ব্যবধান গড়ে দিয়েছে গোল। এএফপি।