সিলভাকে দুঙ্গার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন আগে গণমাধ্যমে থিয়াগো সিলভার সে কী অভিমান! চার মাস আগেও ছিলেন ব্রাজিল দলের অধিনায়ক, আর এখন অধিনায়ক দূরে থাক, দলেও অপরিহার্য নন! তবে এসব নয়, সিলভাকে বেশি কষ্ট দিয়েছে বর্তমান অধিনায়ক নেইমার বা কোচ দুঙ্গা নাকি তাঁকে কিছুই জানাননি।
একদিন বাদেই অবশ্য পরশু সুর পাল্টে সিলভা বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা এসেছে গণমাধ্যমে। সঠিক বা ভুল যা-ই হোক, বঞ্চিত শিষ্যের ক্ষোভের কথা জেনে মুখ খুলেছেন ব্রাজিল কোচ দুঙ্গা।
‘আমি ব্রাজিল দলের সবার অতীতকেই শ্রদ্ধা করি, কিন্তু এটাই আমার কাজের ধরন। কেউ যখন ব্রাজিল দলের অংশ থাকে, তার হারানোর কিছু নেই। এটি এমন একটি দল, যেখানে সবাইকে সবকিছু আদায় করে নিতে হয়। জিততে হয় প্রতিটি সেকেন্ডে, প্রতিটি অনুশীলন সেশনে’—বলেছেন দুঙ্গা।
দলে জায়গা করে নেওয়া কতটা কঠিন, সেটিও বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক, ‘সেলেসাওদের অনুশীলন সেশনের মানই এখন প্রায় ম্যাচের সমান। দলে তরুণ সব ফুটবলার, ওরা সারাক্ষণই দৌড়াচ্ছে এবং আগের চেয়ে বেশি পরিশ্রম করছে। দল নিয়ে তাই আমাকে সব সময় ভাবতে হয়। পরের ম্যাচগুলোতে ডাক পেতে পারে—এমন খেলোয়াড়দের সংখ্যা বেড়েই যাচ্ছে।’
বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের স্বপ্নভঙ্গের পর দায়িত্ব নিয়ে জয়ের ধারায় আছেন দুঙ্গা। তাঁর অধীনে পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল, হজম করতে হয়নি একটি গোলও! চোটের কারণে প্রথম চার ম্যাচে দলেই ছিলেন না সিলভা। তুরস্ক ম্যাচে দলে ফিরলেও বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চেই। দুঙ্গা কী করবেন, শুধু রক্ষণভাগই নয়, দলের প্রতিটি বিভাগেই যে একাধিক বিকল্প!
ব্রাজিল কোচ গোটা ব্যাপারটাই ব্যাখ্যা করেছেন এভাবে, ‘তুরস্কের সঙ্গে দুর্দান্ত খেলতে থাকা উইলিয়ানকে উঠিয়ে নিয়ে নামিয়েছি ডগলাস কস্তাকে। অস্কারকে উঠিয়ে ফিলিপেকে (কুতিনহো) নামিয়েছি। দুজনই ভালো খেলেছে। (রবার্তো) ফিরমিনো, ফ্রেড এবং কাসেমিরোও এসেছে। ওরা খেলতে প্রস্তুত এই বার্তাটা দিয়ে রেখেছে।’
গত রাতে হয়ে যাওয়া অস্ট্রিয়া ম্যাচে একাদশে না থাকার সম্ভাবনাই বেশি ছিল সিলভার। দুঙ্গা যে তুরস্কের বিপক্ষের খেলা একাদশকেই মাঠে নামাবেন বলে ঠিক করে রেখেছিলেন! এএফপি, রয়টার্স।