সিলেটে ফুটবল-স্পন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের সুখস্মৃতি নিয়ে সিলেটে গেছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নেপালের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচের আগে সবুজ টিলায় ঘেরা বিভাগীয় স্টেডিয়ামে ফুরফুরে মেজাজেই অনুশীলন করল কাল মামুনুলের দল ষ শামসুল হক
জয়ের সুখস্মৃতি নিয়ে সিলেটে গেছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নেপালের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচের আগে সবুজ টিলায় ঘেরা বিভাগীয় স্টেডিয়ামে ফুরফুরে মেজাজেই অনুশীলন করল কাল মামুনুলের দল ষ শামসুল হক

গত সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম চত্বর লোকারণ্য। একটা কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। সামনে লম্বা সারি। প্রায় সবাই ১৭-১৮ বছরের তরুণ। আজকাল তরুণেরা বিনোদনের নানা উপলক্ষ পেয়ে সে সবেই বুঁদ থাকে। কিন্তু বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ প্রীতি ম্যাচ ক্ষণিকের জন্য হলেও সিলেটের তারুণ্যে জাগিয়েছে ফুটবল-প্রেম।
হাজার বিশেক টিকিট শেষ—বলছেন স্থানীয় আয়োজকেরা। চাহিদা আছে আরও। কিন্তু এক পাশে একটু উঁচু গ্যালারি আর বাকি অংশ একতলা হওয়ায় ২০ হাজার লোকের স্থানসংকুলান কঠিনই। বড়জোর ১৫ হাজার ধরতে পারে। কিন্তু মাঠে ২০-২৫ হাজার লোক চলে এলে কী যে হবে, সেটি সামলানো নিয়েই আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ। স্টেডিয়ামে ব্যস্ত বাফুফের কর্মী রাত নয়টায় বললেন, ‘ভাই কী যে হবে কাল, মনে হচ্ছে স্টেডিয়াম ভেঙে পড়বে।’
মাঠে তাই পূর্বনির্ধারিত পুলিশের সংখ্যা ৪০০ থেকে বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু তাতে কাজ কতটা হবে কে জানে! শঙ্কা আছে আরেকটি—বৃষ্টি। প্রায় আট-দশ দিন টানা বৃষ্টিতে মাঠের অবস্থা বেশ নাজুক, নরম। গত দুদিন রোদ দেখা দিয়ে একটু স্বস্তি এনেছে। তার পরও এখনো কিছু জায়গায় বুট দেবে যাচ্ছে, ঘাস নেই। রোল করা যায়নি। আজ বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হবে। সেটা থেকে রক্ষা পাওয়ারই প্রার্থনা চলছে।
গত মার্চ-এপ্রিলে সিলেটে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ। তখন ক্রিকেটের শহর পরিচিতি পাওয়া এই শহর এখন ফুটবল জ্বরে আক্রান্ত। ক্রিকেট হয়েছিল যে স্টেডিয়ামে, পাহাড় আর চা-বাগানঘেরা মনোরম সেই বিভাগীয় স্টেডিয়ামে কাল বিকেলে অনুশীলন করল বাংলাদেশ দল। মাঠে গজানো বড় বড় ঘাস কেটে ফুটবলের অনুশীলনের ব্যবস্থা করা হলো।
মাঠ-হোটেল সবখানেই স্থানীয় সংবাদমাধ্যমের সরব উপস্থিতি সিলেটে এই প্রথম ফুটবলের এমন বড় আয়োজনকে পৌঁছে দিচ্ছে সবখানে। দা-কুমড়া সম্পর্ক ভুলে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরাও আছেন। শহরে উঠে দাঁড়িয়েছে অসংখ্য ফুটবল-তোরণ। বিভাগের নানা প্রান্ত থেকে লোকজন হোটেলে এসে উঠছেন। ফুটবলের সুবাস ছড়িয়ে পড়েছে।
তবে এখানে কোনো নামী ফুটবলারের দেখা মিলছে না। এই জেলার ছেলে কায়সার হামিদ, সুনামগঞ্জের জুয়েল রানা ঢাকার বাসিন্দা। রেহান লন্ডনে। একসময়ের নাজির হোসেনও নেই। প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়েছিল সিলেটের ফুটবল। সাত বছর বন্ধ থাকা লিগ গত বছর আলোর মুখ দেখে ফের হিমাগারে। সেখানে এই মৃত ফুটবলকে জাগাতে মহৌষধ হয়ে এল এশিয়ান গেমসের বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ম্যাচ।
শুধুই ম্যাচ নয় অবশ্যই। অনেক দিন পর গ্যালারি ভরা দর্শকের সামনে খেলার চাপও আছে স্বাগতিকদের ওপর। ফুটবলাররা জানেন উৎসাহী জনতাকে জয় দিতে হবে। অনুশীলনের পর সেটি বলে গেলেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও। এই শহরের ছেলে হওয়ায় সবার বাড়তি নজর বাংলাদেশ দলের স্ট্রাইকার ওয়াহেদের দিকে। ‘গোল করতে চাই’-ওয়াহেদ জানালেন তাঁর প্রত্যাশা।
কোচ লোডভিক ডি ক্রুইফকে একটু ফুরফুরেই লাগল। ঢাকায় প্রথম প্রীতি ম্যাচটা জিতে আসায় আত্মবিশ্বাস বেড়েছে। ডাচ কোচের যত চিন্তা ম্যাচের শেষ ১৫ মিনিট নিয়ে, ‘ঢাকায় আমরা শেষ ১৫ মিনিট বাজে খেলেছি। ছেলেরা এই সময়ে ম্যাচ থেকে হারিয়ে গেছে। আমার বড় কাজ হচ্ছে সিলেটের এই শেষ ম্যাচে পুরো ৯০ মিনিট সমান মনোযোগ দিয়ে খেলানো।’
নেপাল দলকে চুপচাপ দেখালেও ভেতরে ভেতরে মরিয়া। আগের রাতে সিলেটে এসে পাওয়া ফুলেল সংবর্ধনা, মোটর শোভাযাত্রা, উষ্ণ আতিথেয়তা ভুলেই দলটি নামবে বিকেল পাঁচটায় শুরু ম্যাচে। নেপালের পোলিশ বংশোদ্ভূত মার্কিন কোচ জ্যাক স্টেফানস্কি গতির সঙ্গে পাসিং ফুটবল বেশি পছন্দ করেন। প্রথম ম্যাচে কাদার কারণে কোনোটাই দেখাতে পারেনি সফরকারি দল। স্টেফানস্কির নীরব হুংকার, ‘আমরা পাসিং ফুটবল খেলে জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশের সামনে আসল হুংকারটা অবশ্য দিয়ে রেখেছে বৃষ্টি আর দর্শকের চাপ!