সিলেটে ব্রাজিলিয়ান গোলমেশিনকে পাচ্ছে না আবাহনী
গোলের রাস্তাটা ভালোই চেনেন দরিয়েলতন গোমেজ। ৪টি করে গোল করে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আবাহনী লিমিটেডের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
৪ ম্যাচে ৫ গোল করে এখন পর্যন্ত চলতি প্রিমিয়ার লিগেরও সর্বোচ্চ গোলদাতা তিনি। লিগের একমাত্র হ্যাটট্রিকও তাঁর। এমন উড়তে থাকা দরিয়েলতন কিনা আপাতত ছিটকে গেলেন মাঠের বাইরে।
২৩ ফেব্রুয়ারি সিলেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে বড় ম্যাচে তাঁকে পাচ্ছে না আবাহনী। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচের সময় কুঁচকিতে চোট নিয়ে মাঠ ছাড়েন দরিয়েলতন।
তাঁকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন আবাহনীর ফিজিও শাহাদাত হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘কুঁচকির নিচের একটু অংশ বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। দরিয়েলতনকে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
বাংলাদেশে আসার পর থেকে গোল যেমন সঙ্গী হয়েছে দরিয়েলতনের, তেমনি বন্ধুত্ব হয়েছে চোটের সঙ্গেও। এর আগে চোটের কারণে ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেননি।
এখন মোহামেডান ম্যাচ ছাড়াও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও তাঁর খেলা হচ্ছে না। চলতি লিগের ৪ ম্যাচে আবাহনী গোল করেছে ৮টি। এই পরিসংখ্যানেই পরিষ্কার আবাহনীতে দরিয়েলতনের গুরুত্ব।
চোটের কারণে মাঠের বাইরে আবাহনীর ব্রাজিলিয়ান প্লেমেকার রাফায়েল আগস্তো। সেই ধাক্কা সামলাতেই যেখানে হিমশিম আবাহনী, সেখানে দলিয়েলতনের চোট আকাশি–নীলের কোচ মারিও লেমোসের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।