সিলেটে হতে পারে সুপার কাপ
বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দর্শকের ঢল নেমেছিল সিলেট স্টেডিয়ামে। সেই দর্শক উন্মাদনা সিলেটে আরও ফুটবল আয়োজনে উদ্বুদ্ধ করছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। তিনি এখন কোটি টাকার আলোচিত টুর্নামেন্ট সুপার কাপ সিলেটে আয়োজনের কথা ভাবছেন।
আগামী ২৪ অক্টোবর সুপার কাপ শুরু হওয়ার কথা। পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ব্যাপারে সালাউদ্দিন বলছেন, ‘ক্লাবগুলো রাজি হলে আমরা এবারের সুপার কাপ সিলেটে আয়োজন করতে চাই।’
ক্লাব চাইবে কি না, সেটাই বড় প্রশ্ন। এমনিতে বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলো ঢাকা থেকে নড়তে চায় না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়েশ করে খেলতে খেলতে ঢাকার বাইরে যেতে তাদের মধ্যে রাজ্যের অনীহা এসে গেছে। তবে দিনবদলের ইঙ্গিতও মিলছে। সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান বলছে, সিলেটের মাঠ ভালো হলে তাদের খেলতে আপত্তি নেই।
সিলেটের মাঠ খেলার অনুপোযোগী নয়। একটা জেলা শহরের মাঠ হিসেবে ভালো নম্বরই পাবে। বাংলাদেশ-নেপাল ম্যাচে মাঠ নিয়ে কোনো অভিযোগ শোনা যায়নি। ওই ম্যাচ নিয়ে দর্শক-আগ্রহ দেখে সিলেটকে প্রিমিয়ার লিগের ভেন্যু করার চিন্তা করছে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। যার অর্থ, বাফুফে ও কয়েকটি ক্লাবের চোখ এখন সিলেটে।
আগামী মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ফুটবল দল। বাংলাদেশ জাতীয় দলের ওই সিরিজের দুই ম্যাচের একটি সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সালাউদ্দিন। এরপর পাকিস্তান জাতীয় দলকে বাংলাদেশ সফরে আনার ব্যবস্থাও প্রায় করে ফেলেছেন বাফুফে সভাপতি। জাপান সফর শেষে দেশে ফিরে কাল জানালেন, প্রস্তাবিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবলে জাপান খেলবে। যদিও বাফুফের পরিকল্পনায় জাপানের নাম ছিল না।