সিলেটের ছেলেই করল বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা স্টেডিয়াম যেন জনসমুদ্র l প্রথম আলো
সিলেট জেলা স্টেডিয়াম যেন জনসমুদ্র l প্রথম আলো

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রেসবক্সে আসার পথে অন্তত ১০ বার থামতে হলো সাদকে। পরিচিত-অপরিচিত সবাই যে জয়ের নায়ক সাদের সঙ্গে ছবি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান! তা হাসিমুখেই আবদার মিটিয়েছে সিলেট শহরের পশ্চিমবাগ আবাসিক এলাকার কিশোর।
সাদের খেলা দেখতে মিছিল করে স্টেডিয়ামে এসেছিল তার পাড়ার লোকেরা। শুধু মা আসেননি। বাড়িতে টেলিভিশনে ছেলের খেলা দেখেছেন। তবে ভিআইপি গ্যালারিতে ছিলেন বাবা জমির উদ্দিন, ভাইবোন ও চাচারা।
সিলেট জেলা আদালতের আইনজীবীর সহকারী জমির উদ্দিনের মুখভর্তি পান। কথা বলার সময় চোখে-মুখে ফুটে উঠছিল গর্বের ঝিলিক। একসময় স্থানীয় জেলা লিগে ফুটবল খেলেছেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি বলে একটা আক্ষেপ আছে, সেটি ঘোচাতে চান ছেলেকে দিয়ে, ‘আমি ফুটবল খেললেও বেশি এগোতে পারিনি। তাই ছোটবেলায় ছেলে যখন খেলতে চাইত কখনো বাধা দিতাম না। সাদের গোলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই গর্ব সিলেটবাসীর একার নয়, সারা দেশের।’
সাদের কাছে সিলেট জেলা স্টেডিয়াম তাদের বাড়ির উঠোনের মতোই। জেলার দ্বিতীয় বিভাগের দল ভিক্টোরিয়া ক্লাবে খেলার পর বাফুফের একাডেমিতে সুযোগ পাওয়া। চলমান অনূর্ধ্ব-১৬ সাফের পুরো টুর্নামেন্টে এর আগ পর্যন্ত গোল পায়নি বলে একটু আফসোসই ছিল সাদের। তাই সেমিফাইনালে গোল পেতে ছিল ব্যাকুল, ‘আমি গতকাল (পরশু) রাতে ঘুমানোর আগে একটা কথাই ভেবেছি, যেন আমার গোলেই ফাইনালে ওঠে বাংলাদেশ।’
পেনাল্টির সিদ্ধান্তে খুবই ভয় পেয়েছিল সাদ, ‘যখন রেফারি পেনাল্টির বাঁশি বাজান মনটা দুর্বল হয়ে পড়েছিল। আল্লাহ সহায় ছিল তাই বলটা বাইরে গেছে।’ সাদের চোখ এখন শিরোপায়, ‘এখন একটাই চাওয়া যেন ট্রফিটা আমরা রেখে দিতে পারি।’
প্রথমবারের মতো ছোটদের সাফের ফাইনালে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত কোচ গোলাম জিলানী জয়ের কৃতিত্ব দিলেন খেলোয়াড়দেরই, ‘আমরা এই টুর্নামেন্টে অনুশীলনের জন্য খুব কম সময় পেয়েছি। তবে ছেলেরা প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলেছে, কিন্তু টানা খেলার কারণে আজ একটু বেশিই ক্লান্ত ছিল। সে জন্যই এই জয়ের পুরো কৃতিত্ব ওদেরই।’
গোল করে এগিয়ে যাওয়ার পরও কেন রক্ষণাত্মক খেলল বাংলাদেশ? কোচের ব্যাখ্যা, ‘আমার ওই সময়ের কৌশলই ছিল রক্ষণাত্মক খেলে আক্রমণে ওঠা। এই কৌশলেই জিতেছি।’
ওদিকে পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় ভাগ্যকে দুষলেন আফগানিস্তান কোচ হামিদুল্লাহ মাসৌদি, ‘পেনাল্টি থেকে গোল করতে না পারার চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তবে এটাই ফুটবল।’