সিলেটের নিরাপত্তায় অর্থমন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে সভাটা তিনি সচিবালয়েও করতে পারতেন। কিন্তু কাল বেশ আগ্রহভরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ঘণ্টা খানেক বৈঠক করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং কমিটির অন্য সদস্যদের সঙ্গে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ঘিরে কয়েক দিন ধরেই বাফুফে ভবনে একধরনের উৎসবময় পরিবেশ। কাল সেখানে এসে অর্থমন্ত্রী যেন ঢাকে একটা বাড়িই দিলেন। অর্থমন্ত্রীর কালকের সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সিলেট ভেন্যুর নিরাপত্তা। গত আগস্টে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচে গেট ভেঙে ঢুকে পড়েছিল হাজার হাজার দর্শক। ধারণক্ষমতার চেয়ে টিকিট বিক্রি হয়েছিল বেশি, তাই অরক্ষিত প্রবেশপথ দিয়ে অতিরিক্ত দর্শক ঢুকে পড়ে মাঠে। তবে অর্থমন্ত্রী এবার কোনোমতেই এমনটা ঘটতে দিতে চান না, ‘ওই ম্যাচের মতো পরিস্থিতি এবার হবে না, সিলেটের আয়োজকেরা আমাকে সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আমি ভেন্যুর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখতে বলেছি স্থানীয় প্রশাসনকে।’
মাঠে বসে যেসব দর্শক খেলা দেখতে পারবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী, ‘মাঠে যারা ঢুকতে পারবে না তাদের হতাশ হওয়ার কিছু নেই। কিন ব্রিজের পাশে বিশাল জায়গা খালি আছে। সেখানই জায়ান্ট স্ক্রিন বসানো হবে। সিলেটে অতিরিক্ত একটি টিকিটও বিক্রি করা হবে না।’
২৯ জানুয়ারি মালয়েশিয়া বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে সিলেটে শুরু হবে বঙ্গবন্ধু কাপ। গ্রুপপর্বের তিনটি ম্যাচসহ একটি সেমিফাইনালও হবে সিলেট জেলা স্টেডিয়ামে। বাকি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, সোনারগাঁও হোটেলে আগামীকাল টুর্নামেন্ট কমিটির সভায় টুর্নামেন্টের ম্যাচসেরার পুরস্কার, প্রাইজমানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গবন্ধু কাপে খেলতে ২৭ জানুয়ারি থেকে দলগুলো আসা শুরু করবে। সবার আগে বাংলাদেশে পা রাখার কথা মালয়েশিয়া দলের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সিলেটে যাবে তারা। সবশেষে আসবে বাহরাইন।