সিসেই মুক্তিযোদ্ধার কোচ
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচের চেয়ারে এবার দেখা যাবে নতুন মুখ। সব ঠিক থাকলে ওমর সিসে হচ্ছেন সেই কোচ।
গত মৌসুমে ফেনী সকারের কোচ ছিলেন এই গাম্বিয়ান। তাঁকে ঢাকায় এনেছিল শেখ জামাল ধানমন্ডি, কথা ছিল শেখ জামালের বয়সভিক্তিক দলের দায়িত্ব পাবেন। কিন্তু শেখ জামাল যেকোনো কারণেই হোক সিসেকে আর দায়িত্বটা দেয়নি। শেষ পর্যন্ত বয়সভিত্তিক খেলোয়াড় নিয়ে ক্যাম্প করলেও দল গড়েনি শেখ জামাল ক্লাব। তখনই সিসেকে কোচ নিয়োগ দেয় ফেনী সকার। গত মৌসুমে সেই ফেনী সকারকে স্বাধীনতা কাপের ফাইনালে তুলে সবাইকে চমকে দেন সিসে। সেই সাফল্যই তাঁকে আবার নিয়ে আসছে বাংলাদেশে।
মুক্তিযোদ্ধা তাদের ‘ঘরের ছেলে’ হয়ে যাওয়া কোচ শফিকুল ইসলাম মানিকের সঙ্গে সম্পর্কটা অলিখিতভাবে শেষই করে ফেলেছে। দুই পক্ষে কোনো যোগাযোগ নেই। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলবে না মুক্তিযোদ্ধা। তারা ভেতরে ভেতরে নতুন কোচ চূড়ান্ত করে দল গোছাচ্ছে নতুন মৌসুমের জন্য।
মুক্তিযোদ্ধার ম্যানেজার ফিরোজ মাহমুদ টিটো বলেছেন, ‘সিসে মুক্তিযোদ্ধার দায়িত্ব নিচ্ছেন এটা প্রায় নিশ্চিতই। কয়েক দিনের মধ্যেই তিনি ঢাকা আসছেন, ভিসাও হয়ে গেছে। সঙ্গে ট্রায়ালে দেখতে কয়েকজন বিদেশি ফুটবলারও তাঁর আনার কথা।’