সিসের ফেবারিট ক্যামেরুন
অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ তাঁর সামনে। সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ারও। আলিউ সিসের মনে কী কাজ করছে? আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে আজ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটির আগে সেনেগালের কোচ অবশ্য নিরাবেগ। পেশাদারদের যে আবেগে ভেসে যেতে নেই! নির্দ্বিধায় প্রতিপক্ষ ক্যামেরুনের গায়ে তিনি সেঁটে দিলেন ফেবারিট তকমা।
হয়তো ছাত্রদের ওপর চাপ কমাতেই এমন কথা বলেছেন সিসে। কিন্তু ফুটবল-পণ্ডিতেরা তা মানবেন কেন! দুই দলের গভীরতা আর গ্রুপ পর্বের পারফরম্যান্স বিশ্লেষণ করে সেনেগালকেই এগিয়ে রাখছেন তাঁরা। সাংবাদিকেরাও ছাড়েননি সিসেকে। ক্যামেরুন কীভাবে ফেবারিট—প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁর দিকে। সিসে কারণ দেখিয়েছেন অভিজ্ঞতা, ‘চারবার কাপ অব নেশনস জিতেছে তারা। আর সেনেগাল একবারও জেতেনি। তাই এই ম্যাচে ফেবারিট কেউ থেকে থাকলে তা ক্যামেরুনই।’
সেনেগাল শিরোপার সবচেয়ে কাছে যেতে পেরেছিল ২০০২ সালে। সেবার ফাইনালে এই ক্যামেরুনের কাছে টাইব্রেকারে হেরে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন ভেঙেছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সিসে। সেটির প্রতিশোধ কি এবার নিতে পারবেন? সেনেগালকে স্বপ্ন দেখাচ্ছেন লিভারপুলের উইঙ্গার সাদিও মানে। গ্রুপ পর্বে অসাধারণ খেলেছেন। দুটি গোলও করেছেন ২৪ বছর বয়সী তারকা। এই ম্যাচটি ঘিরে এত গল্প আছে বলেই হয়তো আজ শেষ আটে বুরকিনা ফাসো-তিউনিসিয়া ম্যাচটি আড়ালে চলে যাচ্ছে। যেখানে ফেবারিট একবারের চ্যাম্পিয়ন তিউনিসিয়া।
শিরোপা জিততে হলে অবশ্য কঠিন বাধাই টপকাতে হবে সেনেগালকে। ক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে উঠলে তাদের সামনে পড়বে চারবারের চ্যাম্পিয়ন ঘানা অথবা দুবার শিরোপাজয়ী কঙ্গো। আগামীকাল আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে তারা। ওই দিন শেষ আটের আরেক ম্যাচে খেলবে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর আর একটি শিরোপাজয়ী মরক্কো। এএফপি, রয়টার্স।
শেষ আটের সূচি
২৮ জানুয়ারি
বুরকিনা ফাসো-তিউনিসিয়া
২৮ জানুয়ারি
সেনেগাল-ক্যামেরুন
২৯ জানুয়ারি
কঙ্গো-ঘানা
২৯ জানুয়ারি
মিসর-মরক্কো