সুইজারল্যান্ডের ‘ঐক্যে’ চিন্তিত এনরিকে

স্পেন কঠিন পরীক্ষাতেই নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিপক্ষে ৮১ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা দলটাকেই কোয়ার্টার ফাইনালে পাচ্ছে স্পেন। যে দল শেষ ৯ মিনিটে ২ গোল দিয়ে ফ্রান্সের মতো দলকে হতভম্ব করে দিতে পারে, সেটি কেমন দল খুব ভালো করেই বুঝতে পারছেন স্পেন কোচ লুইস এনরিকে। তাঁর মতে, সুইস দল প্রচণ্ড পরিশ্রমী আর ঐক্যবদ্ধ একটা দল।

১৯৫৪ সালের পর এই প্রথম সুইজারল্যান্ড কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলছে। অঘটন ঘটিয়ে দলটা যখন এ পর্যায়ে একবার চলেই এসেছে, তখন তারা নিশ্চয়ই চাইবে স্বপ্নযাত্রাটা দীর্ঘ করতে। এনরিকের দল অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষেও ফ্রান্সের মতো অবস্থাতেই পড়েছিল। সে অবস্থা সফলভাবে উতরেই তারা পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে।

সুইজারল্যান্ড দলটাকে ঐক্যবদ্ধদলই মনে করেন এনরিকে।
ছবি: রয়টার্স

সুইস দলটিকে সমীহ করছেন এনরিকে। দলটাকে খুব বড় সনদই দিচ্ছেন তিনি, ‘দলটাতে খুব বড় বড় নাম হয়তো নেই। কিন্তু দল হিসেবে তারা এ টুর্নামেন্টের অন্যতম সেরা।’

এনরিকে সুইজারল্যান্ডকে নিজেদের কাতারেই দেখেন, ‘কোনো সন্দেহ নেই দলটা আমাদের মানেরই। মানে বড় দলগুলোর মানেরই। যেভাবে তারা আক্রমণ করে প্রেসিং করে, সেটা দুর্দান্ত। ভ্লাদিমির পেতকোভিচ খুবই ভালো কোচ। আজকের ম্যাচে তারা আমাদের জন্য সমস্যা হয়ে দেখা দিতে পারে।’

গত বছর ইউরো নেশনস লিগে দুবার স্পেন-সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল। মাদ্রিদে একটি ম্যাচে স্পেন জিতেছিল ১-০ গোলে। অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সে ম্যাচে ১০ জনের দল নিয়েও স্পেনকে প্রায় হারিয়েই দিয়েছিল সুইজারল্যান্ড। কোনোমতে জেরার্দ মোরেনোর গোলে মান বাঁচিয়েছিল স্পেন।

সেফেরোভিচের গোলে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ফিরেছিল সুইজারল্যান্ড।
ছবি: রয়টার্স

কোয়ার্টার ফাইনালে নামার আগে সেই দুই ম্যাচ মনে করছেন এনরিকে, ‘মাদ্রিদে আমরা ভালো খেলেই জিতেছি। গোটা ম্যাচেই আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম। যদিও স্কোরলাইন ম্যাচের আসল গল্পটা বলছে না। ম্যাচে সুইসরা একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। তবে দুটি ম্যাচই আমাদের জন্য কঠিন ছিল। কারণ, সুইসরা আমাদের অর্ধে ভালোই প্রেসিং করছিল। খেলোয়াড়েরাও খুব দ্রুতগামী। আমি তো কোয়ার্টার ফাইনালে এর চেয়ে ভিন্ন কিছু প্রত্যাশা করছি না।’