সুইনুদের লক্ষ্য ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে কক্সবাজারে হওয়া প্রথম মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০১২ শ্রীলঙ্কায় দ্বিতীয় সাফ ফুটবলের গ্রুপপর্বেই বিদায়। তবে এবার ইসলামাবাদে অনুষ্ঠেয় তৃতীয় সাফের ফাইনালে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা।
পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল শুরু হচ্ছে আট দলের মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। ১০ দিনব্যাপী টুর্নামেন্টে খেলতে আজ পাকিস্তান রওনা হবে বাংলাদেশ নারী দল। যাওয়ার আগে কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক সুইনু প্রু মারমা জানিয়ে গেলেন ভালো করার আশাবাদ, ‘আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল। আগের চেয়ে এবারের দলটা অনেক ভালো। এই দল নিয়ে আমরা অনেক দূর যেতে পারব।’
এবারই প্রথম জাতীয় মহিলা দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। ৪ অক্টোবর থেকে জাপানি কোচ নরিও সুকিতাতের অধীনে দুই বেলা অনুশীলন করেছে মেয়েরা। কিন্তু ভালো কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেনি। মোট খেলেছে পাঁচটি ম্যাচ যার দুটি অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে। তিনটি খেলেছে নিজেরা ভাগ হয়ে। এই প্রস্তুতি ম্যাচ নিয়েই যা আক্ষেপ রয়েছে সুইনুর, ‘বেশি প্রস্তুতি ম্যাচ খেললে অবশ্যই আরও উন্নতি হতো আমাদের।’
গত অক্টোবরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে সানজিদা-লিপিরা। ওই দলের ছয়জন সুযোগ পেয়েছে এবারের জাতীয় দলে। তবে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত জেএসসি পরীক্ষার কারণে পাকিস্তান যাচ্ছে না সানজিদা।
গত দুবারই বাংলাদেশের গ্রুপে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু এবার বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটি এখনো জানা যায়নি। কারণ গ্রুপিং ও সূচি চূড়ান্ত হবে আজ। তবে গ্রুপের কোনো প্রতিপক্ষকে নিয়েই সুইনু উদ্বিগ্ন নন, ‘আমরা এখনো জানি না কাদের সঙ্গে খেলব। তবে যে দলকেই পাই না কেন আমরা ভালোই খেলব।’ অন্য দলগুলো সম্পর্কে সুকিতাতের ভালো ধারণা নেই। এসব নিয়ে ভাবছেনও না জাপানি কোচ। মেয়েদের ওপর যথেষ্ট আস্থা তাঁর, ‘এই দলে বেশ কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় আছে। আশা করি, ওরা পাকিস্তানে ভালো করবে। সাফে সেরাটাই দেওয়ার চেষ্টা করবে এই মেয়েরা।’
পাকিস্তানে খেলা বলেই নিরাপত্তার প্রসঙ্গটা ওঠে। কাল সংবাদ সম্মেলনে সেটি বারবার উঠল। তবে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন না বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘ইসলামাবাদে খেলা হবে। অন্য এলাকার চেয়ে সেখানে একটু কম গন্ডগোল হয়। তা ছাড়া পিএফএ (পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন) সবার নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন। ওরা শতভাগ নিরাপত্তা দেবে।’
সাফের প্রতিটি দলের সঙ্গে ২৪ ঘণ্টা থাকবে পুলিশ ও সিকিউরিটি ইন্টেলিজেনস টিম। খেলা হবে ইসলামাবাদের একটা নির্দিষ্ট দেয়ালঘেরা এলাকায়। সব দল উঠবে পাকিস্তান স্পোর্টস বোর্ডের নির্ধারিত ডরমিটরি ফাতিমা জিন্নাহ হোস্টেল ও আল্লামা ইকবাল হোস্টেলে। পুরো এলাকায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা।