সুইস-তলোয়ারের নিচে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাছাইপর্বের শুরুতেই ধাক্কা খেল পর্তুগাল
বাছাইপর্বের শুরুতেই ধাক্কা খেল পর্তুগাল

পর্তুগাল তাদের ইউরোপ শিরোপার সাফল্যের ধারা টেনে আনতে পারল না। বলতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ইউরো ফাইনাল জিতে চমকে দিয়েছিল তারা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে রোনালদোর অভাব ক্ষণে ক্ষণে ভুগল। সুইজারল্যান্ড পর্তুগালকে হারাল ২-০ গোলে।

দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৩ মিনিটে প্রথমে দলকে এগিয়ে দেন এমবোলো। এরপর সাত মিনিটেই আবারও নিজেদের জালে বল কুড়িয়েছে পর্তুগাল। এবার মেহমেদির গোল। পর্তুগাল কোচ হিসেবে ফার্নান্দো সান্তোস প্রথম হারের স্বাদ পেলেন। মধ্যবিত্ত সংসারের নুন-পান্তা যিনি ঠিকই কীভাবে কীভাবে যেন মিলিয়ে দিচ্ছিলেন। কিন্তু এবার শেষ দিকে ১০ জনের দল হয়ে পড়ে সুইজারল্যান্ডকে হারাতে পারল না পর্তুগাল।

ঠিক দুই বছর আগে পর্তুগালের দায়িত্ব নিয়ে সান্তোস দলকে অন্য রকম এক চেহারা দিয়েছিলেন। আলাদা করে নজর কাড়েনি, কিন্তু তলেতলে নিঃশব্দে এগোচ্ছিল তারা। দলে বিশ্বসেরা খেলোয়াড়টি থাকলেও বাকিরা যে একেবারে গড় মানের। আর রোনালদোও জাতীয় দলে সব সময়ই ক্লাবের মতো উজ্জ্বল নন।

কিন্তু তবু টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে দলকে অপরাজিত রেখেছিলেন সান্তোস। যে যাত্রায় ছিল গত ইউরো জয়ও। সেবার চোটের কারণে ফাইনালের বেশির ভাগটাই মিস করা রোনালদোর যেটি ছিল ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক সাফল্য। কাল সেন্ট জ্যাকব পার্কে পর্তুগালের সেই যাত্রাটাই থেমে গেল পরাজয়ে।

চোটের কারণে কাল ছিলেন না রোনালদো। নানি অবশ্য ম্যাচের আগে বড় মুখ করে বলেছিলেন, ‘রোনালদো না থাকলেও আমরা ভালো দল।’ রোনালদো মাঠে না থাকলে বাকিরা সবাই বাড়তি দায়িত্ব নিয়ে খেলে, এই ছবিটা গত ইউরোর ফাইনালে দেখা গেলেও এবার শূন্যতাটা টের পাওয়া গেল ভালোই। নানি নিজে অবশ্য একটুর জন্য কাল গোল পাননি। পর্তুগাল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেও জাল খুঁজে পায়নি।

ম্যাচ শেষে সান্তোসও শিষ্যদের বলে দিয়েছেন, ইউরো জেতার ঢেকুর আর তুলো না বাছারা। ওটা ভুলে যাও। বিশ্বকাপে তো আগে জায়গা করে নিতে হবে। গতবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পর্তুগালকে। হয়তো রোনালদোর এটা শেষ বিশ্বকাপ। এত বড় টুর্নামেন্টে তাঁর মতো খেলোয়াড় না থাকাটা হবে চূড়ান্ত হতাশার। গতবার যেমন জ্লাতান ইব্রাহিমোভিচকে পায়নি বিশ্বকাপ। অবশ্য বাছাইপর্বের এ মাত্রই শুরু। এখনই এত অলক্ষুনে কথা বলতে নেই! কিন্তু পর্তুগাল বুঝে গেল, বাছাইপর্বে সামনে দীর্ঘ দুরূহ পথ!