সুইসরাই আজ লেভার ফেবারিট!
পোলিশ দলটি ধারাভাষ্যকারদের জন্য রীতিমতো বিভীষিকা। খেলোয়াড়দের এমনই সব খটমট নাম যে উচ্চারণ করার পর গালে হাত বুলিয়ে দেখতে হয়, সব দাঁত যথাস্থানে আছে কি না! তবে নাম দিয়ে নয়, দল হিসেবেই পোল্যান্ড এখন সমীহ আদায় করে নিচ্ছে সবার। আজ সুইস-বাধা পেরোলেই প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে যাবে তারা।
নকআউট পর্বে উঠেই অবশ্য ইতিহাস গড়ে ফেলেছে পোল্যান্ড, সঙ্গে সুইজারল্যান্ডও। দুই প্রতিপক্ষই এই প্রথম ইউরোর গ্রুপ পর্ব পেরোল। স্বপ্নযাত্রাকে আরেকটু লম্বা করার সুযোগ পাচ্ছে দুই দল। পোল্যান্ডের মূল ভরসা রবার্ট লেভানডফস্কি আজ ফেবারিট দেখছেন প্রতিপক্ষকেই, ‘সুইজারল্যান্ড খুব ভালো দল, ইউরোপের অন্যতম সেরা। আর এ ম্যাচে ওরাই ফেবারিট। তবে যেকোনো দলের মতো ওদেরও দুর্বল দিক আছে। আশা করি, আমরা ওগুলোর সদ্ব্যবহার করতে পারব।’
র্যাঙ্কিং গোনায় ধরলে কথাটি সত্যি। র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা পোল্যান্ডের চেয়ে ১২ ধাপ এগিয়ে আছে সুইজারল্যান্ড। তবে মুখোমুখি ১০টি লড়াইয়ে ৪ জয় ও ১ হারে এগিয়ে পোলিশরাই। সুইসদের ভয়ের আরেকটি কারণ, ওই লেভানডফস্কি। সুইস গোলরক্ষক ইয়ান সমার পুরো দলকে সমীহ করলেও আলাদা করে নিয়েছেন লেভার নাম, ‘আমরা লেভানডফস্কিকে খুব ভালোই চিনি। তাই বলে পোল্যান্ডকে একজনের দল বলা বোকামি। এ দলে আরও অনেক ভালো খেলোয়াড় আছে। ওদের শ্রদ্ধা করি, তবে ভীত নই আমরা।’
সমারের কথা মিথ্যা নয়। এ ইউরোতে এখনো গোল পাননি লেভানডফস্কি। তবু আজ সুইসদের রণকৌশলের বড় অংশই থাকবে লেভাকে থামানো নিয়ে। ইউরো বাছাইয়ে সর্বোচ্চ ১৩ গোল যে স্ট্রাইকারের তিনি কি টানা চার ম্যাচ চুপচাপ থাকবেন? এএফপি।