সুতায় ঝুলছে আবাহনীর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে পোচনের ডি-বক্সে ঢোকার চেষ্টা আবাহনীর এমেকা ডার্লিংটনের। কাল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে কোরীয় দলটির সঙ্গে ড্র করেছে ঢাকা আবাহনী l প্রথম আলো
বল নিয়ে পোচনের ডি-বক্সে ঢোকার চেষ্টা আবাহনীর এমেকা ডার্লিংটনের। কাল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে কোরীয় দলটির সঙ্গে ড্র করেছে ঢাকা আবাহনী l প্রথম আলো

আবারও হোঁচট খেল ঢাকা আবাহনী। তবে এবার হার নয়। দ্বিতীয় ম্যাচে কোরিয়ার পোচন সিটিজেনের সঙ্গে গোলশূন্য ড্র করে আকাশি-নীল দল প্রাপ্তির ঘরে জমাতে পারল একটি মাত্র পয়েন্ট। আর এতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে তাদের সেমির আশাটা ঝুলছে সুতায়।
অনেকেই বলবে আবাহনী কাল পরাজয় এড়িয়েছে। আবার এটাও ঠিক, জিততেও পারত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা, যদি ৮৮ মিনিটে বদলি স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বক্সের ভেতর থেকে অবিশ্বাস্যভাবে বলটিকে ক্রসবারের ওপরে না পাঠাতেন। গোল করাটাই যেখানে সহজ কাজ, সেখানে কীভাবে তিনি বল ক্রসবারের ওপর তুলে দেওয়ার কঠিন কাজটি করলেন, ম্যাচ শেষে সেটিই ছিল আলোচনার বিষয়। তবে প্রথমার্ধের শেষ দিকে এমেকা ডার্লিংটনের হেডে গোল না পাওয়াটাও কোচ দ্রাগো মামিচের চোখে সুযোগ নষ্ট হওয়া, ‘আমরা জিততেই পারতাম। যদি দুই অর্ধের শেষে দুটি সহজ সুযোগ কাজে লাগাতাম।’
৪৪ মিনিটে ডার্লিংটনের গোল না পাওয়ার পুরো কৃতিত্ব পোচন গোলরক্ষক আন সিয়ংয়ের। ডান প্রান্ত থেকে জোনাথন ডেভিড লব করেছিলেন। ছোট বক্সের ভেতর থেকে ডার্লিংটনের জোরালো হেড গোলরক্ষক রুখে দেন কর্নারের বিনিময়ে। ৮৬ মিনিটে সাইমন ইজিওডিকের শটটিও আন সিয়ং একইভাবে ঠেকিয়ে দেন।
এর আগে শুরুতে ৭ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন ডেভিড। বক্সের ভেতরে পড়া বলে শট করেন সাইমন। গোলমুখে ঢোকার সময় লাইন থেকে বলটি ফিরিয়ে দেন পোচন অধিনায়ক চ থে উ। ৬৮ মিনিটে কামারার সাইডভলি চলে যায় ক্রসবারের ওপর।
এতগুলো সুযোগ নষ্ট হওয়ার পর দ্রাগো মামিচকে পরাজয়ের শঙ্কাও পেয়ে বসেছিল, ‘আমরা হারতেও পারতাম। কোরিয়ান দলটি খুব শক্ত। তবে এক পয়েন্ট পেলাম। এখনো যে কারও সুযোগ আছে। তা আজকের (কাল) দ্বিতীয় ম্যাচের পর পরিষ্কার হবে।’
ঢাকা আবাহনী যে পরাজয় এড়িয়ে একটি পয়েন্ট পেল, তাতে গোলরক্ষক শহীদুলের আছে বড় অবদান। দুর্দান্ত তিনটি সেভ করেছেন তিনি। ১৭ মিনিটে আবাহনীর গোলরক্ষক প্রথমবার বড় বিপদ থেকে রক্ষা করেন। বক্সের ভেতর থেকে কিম চেন-এর শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন। ৩২ মিনিটে আরও একবার কিম চেনকে বিমুখ করেন আবাহনীর শেষ প্রহরী। ৪৪ মিনিটে বক্সের ঠিক ওপরে ফ্রি-কিক পায় পোচন। অনেক ভেবেচিন্তে সেটি নিয়েছিলেন কেয়ং ডিউক। গোলমুখে ঢোকার সময় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রাও আবাহনীকে রক্ষা করেন শহীদুল।
দ্বিতীয় ম্যাচে ড্র করায় পোচনের হলো ৪ পয়েন্ট। আবাহনীর চেয়ে অনেক নির্ভার দক্ষিণ কোরিয়ার দলটি। তবে কাল জিততে না পেরে আবাহনীর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনা করলেন পোচন কোচ কিম জে ইয়ং, ‘আমি হতাশ। আবাহনী ডিফেন্সিভ খেলেছে। এ কারণেই গোল করা কঠিন হয়েছে।’
আবাহনী: শহীদুল আলম, আরিফুল, ওয়ালী, তপু, জুয়েল রানা, শাকিল (মামুন মিয়া), ডেভিড, সাইমন (ইমন), ইয়াছিন (জীবন), কামারা ও ডার্লিংটন।