সুদিন ফিরিয়ে আনতে চান ইনিয়েস্তা

গেল মৌসুমে শীর্ষ কোনো শিরোপা হাতে ওঠেনি বার্সেলোনার। নিশ্চিতভাবেই বিষয়টি ভাবাচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। নতুন মৌসুমে সাফল্য অর্জনের প্রত্যয়ে বার্সা দলবদলের এ মৌসুমে কিনেছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে। পরিবর্তন এসেছে কোচের পদেও। এ পরিপ্রেক্ষিতে নতুন মৌসুমে আবার সুদিন ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বার্সার মধ্যমাঠের অন্যতম এ ভরসা বললেন, ‘আমরা প্রতি মৌসুমে শুরু করি বিরাট পরিবর্তন নিয়ে। তবে লক্ষ্য থাকে ভালো মৌসুম কাটানো। প্রতি মৌসুমে একই সমস্যা মোকাবিলা করতে হয় আমাদের। শিরোপা জিততে চাই। গোটা মৌসুমে খুশি থাকতে চাই। আমাদের লক্ষ্য, দল হিসেবে নিজেদের মতো উপভোগ করা ও সমর্থকদের আনন্দে ভাসানো।’
এ মৌসুমে বার্সার অবস্থা কী? ইনিয়েস্তা জানালেন, ‘আমরা আরও শক্তিশালী। প্রতি মৌসুমের ভুলগুলো থেকে নেওয়া শিক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে। কিছু খেলোয়াড় চলে গেছে, কিছু এসেছে। তবে আমার ধারণা, লড়াই করার জন্য গত মৌসুমের তুলনায় এবার আমরা আরও শক্তিশালী।’ আইএনএস।