সুনামিতে হারিয়েছেন বাবা, বেঁচেছেন যুদ্ধ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল কক্ষে বসা ক্রিস্টি অ্যান্থনি দুলশা। ছবি: প্রথম আলো
হোটেল কক্ষে বসা ক্রিস্টি অ্যান্থনি দুলশা। ছবি: প্রথম আলো

বিশাল সাগরের বুকে জাল বিছিয়ে মনটা বুঝি আনচান করছিল ফ্রান্সিস খ্রিস্টি গিগিউরিয়ার। হঠাৎ তাই বাড়ি ফিরে দুই ছেলেকে কাছে ডেকে বলে গেলেন, ‘সাগরের অবস্থা ভালো নেই। খবরদার আজ বাড়ির বাইরে যেয়ো না।’ বাবার কথা মেনে নিয়ে লক্ষ্মী ছেলের মতো বড় ভাইয়ের সঙ্গে বাড়িতেই বসে থাকলেন ক্রিস্টি অ্যান্থনি দুলশা।

টিভি পর্দায় চোখ রেখে অপেক্ষার প্রহর গুনতে লাগলেন, বাবা কখন ফিরবেন চকলেট হাতে। কিন্তু গিগিউরিয়া ছেলেদের নিরাপত্তা নির্দেশনা দিয়েই জীবিকার তাগিদে ফিরে গেছেন সাগরে। আর বাড়ি ফেরা হয়নি তাঁর, হারিয়ে গেলেন সুনামির প্রবল গ্রাসে। সে আজ প্রায় ১৩ বছর আগের কথা।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের উপকূলজুড়ে আঘাত হেনেছিল প্রলয়ংকরী সুনামি। যার ভয়াবহতায় কয়েকটি দেশ মিলিয়ে মারা গিয়েছিল প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। এঁদের একজন ফ্রান্সিস খ্রিস্টি গিগিউরিয়া, ক্রিস্টি অ্যান্থনি দুলশার বাবা। সাত বছরের দুলশা সেদিন তাঁর বাবাকে হারিয়েছেন, আর সৌভাগ্যক্রমে নিজে বেঁচে গেছেন সুনামির বড় বড় ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে।

সেদিনের সেই দুলশা আজ অনেক বড়। জীবনযুদ্ধে বেঁচে যাওয়া ছেলেটি জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব খেলতে পা রেখেছিল তাজিকিস্তানে। সেখানেই এই দুর্বিষহ দুঃখগাথার জানালা খুলে দেওয়া।

শারীরিকভাবে বেশ শক্তিশালী ছেলেটার মুখে সব সময় হাসি লেগেই থাকে। দেখে বোঝার উপায় নেই, জীবনটা তাঁর দুঃখের কালো ডায়েরি; যা পড়ে শোনানোর সময় দুলশার চোখ দুটি হয়ে উঠল সুনামির ছোঁয়া লাগা উত্তাল সাগর, ‘বাবা আমাদের দুই ভাইকে সাবধানে থাকার কথা বলেই চলে গেলেন। আর ফিরলেন না। দুই দিন পরে লাশ পাওয়া গেল মহাচারিতে। ভাগ্যটা বড়ই নিষ্ঠুর।’

বাবার সঙ্গে এক ফুপুকেও সুনামিতে হারিয়েছেন দুলশা। আর নিজে বেঁচে গেছেন ভাগ্যগুণে এক গাছের ডালের সঙ্গে ঝুলে গিয়ে। ১৩ বছর আগের খণ্ড খণ্ড গল্পগুলো এখনো যুবক দুলশার স্মৃতিতে তরতাজা,‌ ‘শব্দ শুনে ঘরের বাইরে গিয়ে দেখি বড় বড় ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুই ভাই ছুটতে থাকি। কিন্তু ঢেউ আমাদের ধরে ফেলে। পরে সাঁতরাতে থাকি। কীভাবে যেন গাছের ডালে বাঁধা পড়ে বেঁচে যাই।’

দুলশার জীবনটা কাটে এতিমের মতো। সেই যে বাবাকে হারিয়েছেন, আর মা মেরে তেরে সোলুসোনা তো বেঁচে থেকেও কাছে নেই। জীবিকার তাগিদে তিনি এখন জর্ডানের কোনো এক শেখের বাড়ির গৃহকর্মী। না হলে যে দুই ভাইয়ের মানুষ হওয়ার স্বপ্নটা বাবার মৃত্যুর সঙ্গেই চাপা পড়ে যেত।

সেই প্রলয়ংকরী ঘটনার স্থান মহাধরা ছেড়ে এখন কলম্বোর একটু বাইরে রাঘমাতে নানির সঙ্গে দুলশার বসবাস। করুণারত্নে বুড্ডিস কলেজে পড়াশোনা করছেন ‘এ’ লেভেলে। আর ডিভিশন ‘টু’তে খেলছেন সো ইউরো ক্লাবে। সেখানে থেকেই নজরে পড়েন শ্রীলঙ্কার সবচেয়ে প্রবীণ কোচ সুমিত ওয়ালপোলার। পরে তাঁর হাত ধরেই যুব দলে আসা।

১৩ বছর ধরে দুঃখের স্মৃতিটা একটু একটু করে পাড়ি দিয়ে সুখের ভেলায় পা রেখেছেন দুলশা। তবে সুখের সময়ে তাঁর আফসোসটা যেন আরও বেশি, ‌‌‘ইশ্‌, বাবা যদি দেখতেন তাঁর ছোট ছেলেটা শ্রীলঙ্কার জার্সি গায়ে খেলছে!’