সুন্দরী চিয়ারলিডার নয়, কপালে জুটল মাসকটের চুমু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বেশ ভালোই সময় কাটছে রোনালদোর। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বেশ ভালোই সময় কাটছে রোনালদোর। ছবি: সংগৃহীত

শীতকালীন বিরতি চলছে স্প্যানিশ লিগে। বড়দিনের উৎসবের আমেজও আছে। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে পরের ম্যাচটা আগামী ৩০ ডিসেম্বর। আপাতত এই অবসর সময়টাকে বেশ ভালোই উপভোগ করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সপ্তাহটা কাটাচ্ছেন মায়ামিতে। শীতের সময়টাতে যুক্তরাষ্ট্রের এই সৈকতের শহর নাকি আরও সুন্দর হয়ে ওঠে। তার ওপর এখন আবার বড়দিনের সময়। সময়টা বেশ ভালোই কাটার কথা রোনালদোর।

সমুদ্র সৈকত, সৈকতের পাশে রেস্তোরাঁয় অলস সময় - এগুলো তো আছেই। রোনালদো উপভোগের মাত্রাটা আরও একটু বাড়িয়ে নিলেন মায়ামি হিটের বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়ে। অবশ্য সেখানে যা হলো, তার জন্য হয়তো ঠিক প্রস্তুত ছিলেন না পর্তুগিজ অধিনায়ক। হঠাৎই যে বাস্কেটবল দলটির মাস্কটের ভালোবাসার ‘অত্যাচার’ সইতে হলো রোনালদোকে!

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ ‘এনবিএ’-তে মায়ামি হিটসের ম্যাচ ছিল ডেট্রয়েট পিস্টনসের সঙ্গে। ম্যাচটিতে ‘সম্মানিত অতিথি’ হয়ে গিয়েছিলেন রোনালদো। খেলা দেখেছেন একেবারে সামনের সারিতে বসে। উপহার হিসেবে পেয়েছেন মায়ামি হিটসের একটি জার্সি, যার পেছনে তাঁর নিজের নাম লেখা।

রিয়াল তারকার বন্ধু ব্রিটিশ বাস্কেটবল খেলোয়াড় লুওল ডেং খেলেন হিটসে। তো ম্যাচের আগে তাঁর সঙ্গে দেখা করেন রোনালদো। সে সময়ে ম্যাচের ‘চিয়ার লিডার’দের সঙ্গে কিছু ছবি তোলার আবদারও মিটিয়েছেন এই ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যেই হঠাৎ রোনালদোর গালে চুমু! তবে রোনালদোর দুর্ভাগ্য - কোনো চিয়ার লিডার নয়, চুমুটা দিয়েছে বার্নি। যে কিনা মায়ামি হিটসের মাস্কট।


হঠাৎ এমন ভালোবাসার ‘বিস্ফোরণে’ একটু হতভম্বই হয়ে গিয়েছিলেন ‘সিআরসেভেন’। তবে দমে যাননি। নিজেও মাস্কটের সঙ্গে বেশ খুনসুটি করেছেন রোনালদো।

ম্যাচ শেষে অবশ্য অমন আতিথেয়তায় মুগ্ধ রোনালদো টুইটারে ধন্যবাদ জানিয়েছেন মায়ামি হিটসকে, ‘আতিথেয়তার জন্য ধন্যবাদ তোমাদের। আর তোমার সঙ্গে দেখা করে বেশ ভালো লাগল, লুওল ডেং।’ তথ্যসূত্র: ডেইলি মেইল।