সুপার ও স্বাধীনতা কাপ এবারও হচ্ছে না
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির অজুহাতে গত মৌসুমের মতো এবারও সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করছে না বাফুফে।
কাল লিগ কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানালেন, ‘আমাদের সামনে এখন অনেক আন্তর্জাতিক সূচি। নভেম্বরে অস্ট্রেলিয়া আসবে, বাংলাদেশ খেলতে যাবে তাজিকিস্তানে। এরপর খেলতে যেতে হবে এসএ গেমসে। এ ছাড়া আগামী সপ্তাহে চট্টগ্রামে শুরু হবে শেখ কামাল ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। এত ব্যস্ততার মধ্যে সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজনের সুযোগ নেই।’
গত আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় পেশাদার লিগের প্রথম স্তর থেকে অবনমন হয়েছে ফরাশগঞ্জের। আগামী ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলেই আবার প্রিমিয়ার লিগে ফিরতে হবে। তবে তাদের জরিমানার অঙ্ক পাঁচ লাখ থেকে কমিয়ে দুই লাখ টাকা করা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে বলে জানিয়েছে লিগ কমিটি।