সুপার কাপ নিয়ে দোলাচল
২৫ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল কোটি টাকার আলোচিত ফুটবল টুর্নামেন্ট সুপার কাপ। কিন্তু এ নিয়ে বাফুফেতে জোরালো কোনো প্রস্তুতি নেই। কর্তাদের কথাবার্তায় সুপার কাপ হবেই এমন নিশ্চয়তা মিলছে না।
বাফুফের লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী যেমন বলছেন, ‘ব্যাপারটা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারব না। দেখি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব।’ প্রেসিডেন্ট মানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কথাও অনেকটা একই রকম, ‘টুর্নামেন্টটা এখন করা সম্ভব কি না ভেবে দেখা দরকার। আমার পক্ষে নিশ্চিত করে কিছু বলা কঠিন।’
২৪ ও ২৭ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। কাজেই এ পর্যন্ত তিনবার হওয়া আলোচিত টুর্নামেন্টটি এ মাসে হচ্ছে না বলে দেওয়া যায়। আগামী মাসেও না হলে বর্ষপঞ্জি থেকে হারিয়ে যাবে আরেকটি সুপার কাপ, যেমন গত পাঁচ বছরে টুর্নামেন্টটা দুবার হয়নি।
এখন তো বাফুফে থেকেই আওয়াজ উঠছে, ‘সুপার কাপ না হলেও ক্ষতি নেই’ দু-তিনটি দল নাকি এমনটা বলছে। তবে খোঁজ নিয়ে জানা গেল, টুর্নামেন্টটি সবাই খেলতে চায় (প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দল)। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস তাঁর দলের অবস্থান পরিষ্কার করেছেন, ‘সুপার কাপের জন্য অপেক্ষা করছি আমরা।’ শেখ জামাল তো শুরু থেকেই বলে আসছে সুপার কাপ খেলতে তারা তৈরি। চ্যাম্পিয়ন মোহামেডানও আগ্রহী।
কাজেই ক্লাব খেলতে চায় না বলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই বাফুফের। সেটা বিবেচনা করে ঈদের আগেই লিগ কমিটির সভা আয়োজনের চেষ্টা চলছে। ওই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তাতে ইতিবাচক সিদ্ধান্ত এলে আগামী মাসে নতুন মৌসুমের দলবদল পিছিয়ে হতে পারে সুপার কাপ। ১২ নভেম্বর দলবদল শুরু হয়ে যা শেষ হওয়ার কথা ১১ ডিসেম্বর।
কিন্তু বাফুফের ভেতরের খবর, সুপার কাপের স্পনসরই চূড়ান্ত হয়নি এখনো। প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। এক কোটি টাকা চ্যাম্পিয়ন দল, ৫০ লাখ রানার্সআপ। গতবার আর্থিক সংকটের মুখে অর্থ পুরস্কার প্রায় অর্ধেকে নামিয়ে এনে বাড়িয়ে দেওয়া হয়েছিল দলগুলোর অংশগ্রহণ ফি। প্রতিটি দল পেয়েছে ১৫ লাখ টাকা করে।
বাফুফের এক শীর্ষ কর্মকর্তা বিশ্বাস করেন, এক কোটির আশপাশে খরচ রাখলে সুপার কাপ আয়োজন সম্ভব আগামী মাসে। সেই পথে যেতেই পরামর্শ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের, ‘দুই কোটি সংগ্রহ করতে না পারলে এক কোটি দিয়েই হোক। প্রয়োজনে অংশগ্রহণ ফি কমিয়ে দিয়ে হলেও টুর্নামেন্টটা করা উচিত।’