সুপার ক্লাসিকোর পর...

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের আরও একটা পর্ব মঞ্চস্থ হলো গত পরশু। বেইজিংয়ের বার্ডস নেস্টে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া থেকে বাছাই চার

মেসির দায়
বিশ্বকাপের পরই জার্মানিকে যে ম্যাচটায় ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, সেটিতে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। আসলেই চোট না অন্য কোনো কারণ ছিল, এটা নিয়ে তখন অনেক কথাবার্তা হয়েছে, হয়েছে মেসির সমালোচনাও। চোট কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরে মেসি প্রমাণ করেছেন, সেই সমালোচনাটা ভুল ছিল। মনে মনে হয়তো চেয়েছিলেন মাঠেও একটা জবাব দিতে। পরশু ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অধিনায়কের কাছেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল আর্জেন্টাইন সমর্থকদেরও। কিন্তু পারলেন না মেসি। পেনাল্টি নষ্ট করেছেন, ফ্রি-কিকগুলো নিশানা খুঁজে পায়নি। রক্ষণভাগের ভুলের পাশাপাশি ব্রাজিলের কাছে হারের দায়টা তাই কিছুটা নিজের কাঁধেও নিলেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমাদের দুটি ভুলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। প্রথমে একটা গোল খাওয়া, তারপর আমার ওই পেনাল্টি নষ্ট করা।’ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দল প্রায় অপরিবর্তিত থাকলেও কোচ বদল হয়েছে বলে এটাকে পালাবদলের কাল বলেই মনে হচ্ছে মেসির, ‘দলটা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন কোচ এসেছেন, তাঁর দর্শনও আগের জনের চেয়ে আলাদা।’
দুঙ্গার আনন্দ

দ্বিতীয় দফায় যখন তাঁকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, ব্রাজিল সমর্থক অনেকেরই ভ্রু কুঁচকেছিল। মাঠের খেলা নিয়ে কারও মনে খচখচানি থাকলেও থাকতে পারে, তবে দুঙ্গা প্রমাণ করে দিচ্ছেন কনফেডারেশনস অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সিদ্ধান্তের যৌক্তিকতা। বিশ্বকাপে ভরাডুবির পর কলম্বিয়া আর ইকুয়েডরের বিপক্ষে স্বস্তির জয়। তবে ব্রাজিল সমর্থকেরা সবচেয়ে বড় আনন্দের উপলক্ষটা পেল পরশু বেইজিংয়ে। সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত জয়টাকে বড় প্রাপ্তি বলে মানছেন ব্রাজিল কোচও, ‘বিশ্বকাপের রানার্সআপ, যারা আবার কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে, তাদের হারানো তো অবশ্যই দারুণ ব্যাপার। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’ ম্যাচ চলাকালে বেশ কয়েকবারই রেফারির ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, শেষ বাঁশি বাজার পরও ফুঁসতে দেখা গেছে তাঁকে। চীনা রেফারি ফেন কির ব্যাপারে অসন্তোষটা ম্যাচ শেষেও জানিয়ে দিয়েছেন দুঙ্গা, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে সবচেয়ে উত্তপ্ত দ্বৈরথ। এ ম্যাচের জন্য খুব অভিজ্ঞ রেফারি দরকার ছিল। তাঁর (রেফারি) সেই প্রস্তুতিই ছিল না।’

লুইজের খোঁচা
ফাউলে দুই দলই কাছাকাছি। আর্জেন্টিনা ১৬টি, ব্রাজিল ১৫টি। তবে নেইমারের প্রতি আর্জেন্টাইনদের বাড়তি ‘মনোযোগ’টা যথেষ্টই দৃষ্টিকটু ছিল। বিশ্বকাপে কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার সেই ট্যাকলে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর থেকেই নেইমারকে নিয়ে উদ্বিগ্ন থাকে ব্রাজিল। পরশুর ম্যাচের পর অবশ্য ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ আশ্বস্ত করেছেন, সুস্থই আছেন নেইমার। তবে প্রতিপক্ষ খেলোয়াড়দের খোঁচা দিতে ভোলেননি, ‘সে (নেইমার) কোনো চোট ছাড়া খেলা শেষ করলে তাতেই বরং আমরা বেশি উদ্বিগ্ন হই। নেইমারের ক্ষতবিক্ষত পা-ই তো এখন স্বাভাবিক হয়ে গেছে।’
দারুণ খুশি জেফারসন

পেনাল্টি নষ্ট করার দায়টা যদি মেসির হয়, সেটা ঠেকিয়ে দেওয়ার কৃতিত্ব কিন্তু পুরোটাই ব্রাজিল গোলরক্ষক জেফারসনের। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হলেও বোটাফোগোর ৩১ বছর বয়সী গোলরক্ষককে হুলিও সিজারের কারণে বেশির ভাগ সময়েই বেঞ্চে বসে কাটাতে হয়েছে। পরশুর ম্যাচটা তাঁর ক্যারিয়ারের মাত্র দ্বাদশ ম্যাচ। তবে বেঞ্চে বসে থাকার সময়টা যে নষ্ট করেননি, সেটা বোঝা গেল ম্যাচ শেষে পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার রহস্যটা বলার পর, ‘মেসি কীভাবে পেনাল্টি নেয় আমি সেটা পর্যবেক্ষণ করেছি। ডাইভ দেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি, যাতে সে সময় কম পায়। সে তার শক্তির জায়গাটাতেই শটটা নিয়েছে। আমিও সেটা ফেরাতে পেরে দারুণ খুশি।’ ক্যারিয়ারে এটা নিয়ে ১৩টি পেনাল্টি নষ্ট করেছেন মেসি। পরশু তাঁর শট ঠেকিয়ে দেওয়ায় জেফারসনের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের গোলকিপিং কোচ ক্লদিও তাফারেলও, ‘আমি তো বিরতির সময় ওকে (জেফারসন) রসিকতা করে বলছিলাম, এটা দুটো পেনাল্টি ঠেকানোর সমান। একে তো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ, তার ওপর আবার মেসির শট।’ তথ্যসূত্র: এএফপি ও গোলডটকম।