সুপার মক কাপে যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মালয়েশিয়ায় আয়োজিত সুপার মক কাপের মূল পর্ব কাপ বিভাগে উঠতে পারেনি বাংলাদেশ। তবে নিচের দিকের দলগুলোর প্লেট পর্বে অনূর্ধ্ব-১২ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে যায় বাংলাদেশের খুদে ফুটবলাররা। অনূর্ধ্ব-১৩ বিভাগে রানার্সআপ। এবার বাংলাদেশ পাঠাচ্ছে অনূর্ধ্ব-১৪ দল, আগামীকাল রাতে দলটি ঢাকা ছাড়বে।
এই দলের কোচ পারভেজ বাবুর লক্ষ্য কাপ পর্বে খেলা। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে একই কথা বলল অধিনায়ক ফাহিম মোরশেদও, ‘গতবার অনূর্ধ্ব-১৩ দলের হয়ে মক কাপে খেলেছি। এবার আমরা কাপে খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’
১২-১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া কগার্স, জাপানের কাওয়াসাকি ও মিয়ানমার। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের প্রধান গোলাম মোহাম্মদ আলমগীরের আশা, টুর্নামেন্টে ভালো করবে বাংলাদেশ। তাই দলটিকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণে রাখার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।